যৌন নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। এ ধরনের নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।গতকাল মঙ্গলবার ব্র্যাকের ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ কর্মসূচি আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে ওই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আইনের কঠোর প্রয়োগ এই ধরনের নির্যাতন কমিয়ে আনবে। তবে এর পাশাপাশি প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র সব জায়গায় নারীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। বিদ্যমান আইনের সংশোধনের পাশাপাশি যৌন নির্যাতন প্রতিরোধে পৃথক আইন তৈরির বিষয়টি সরকার বিবেচনা করছে।সাউথ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ হামিদা আলী বলেন, তৃতীয় শ্রেণীর শিশুকেও যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। সমাজপতিরা সালিসে ভুক্তভোগীকেই মারধর করছেন। এসবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। মূল বক্তব্য পড়ে শোনান ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ, অধ্যক্ষ সেলিনা বানু, অধ্যক্ষ মোকাররম আলী খান, প্রমুখ আলোচনায় অংশ নেন।