যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার গণিত শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতিয়ার রহমানকে প্রতিষ্ঠান থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।এ অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে মতিয়ার রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র। এদিকে মতিয়ার রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।যোগাযোগ করা হলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, যৌন নির্যাতনের অভিযোগে মতিয়ার রহমানকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দু-এক দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পেলে ওই শিক্ষকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মতিয়ার রহমান প্রতিষ্ঠানের পাশেই বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি বাড়িতে থাকেন। বাসায় তিনি ছাত্রীদের কোচিং করান। গত ১৭ অক্টোবর স্কুলের নবম শ্রেণীর খ শাখার এক ছাত্রী কোচিং করতে তাঁর বাসায় যায়। মতিয়ার তাকে কোমল পানীয় পান করতে দেন। পানীয় পানের পর ওই ছাত্রী অচেতন হয়ে পড়ে। এর সুযোগ নেন শিক্ষক। তখন ওই বাসায় আর কেউ ছিল না। ২ নভেম্বর ওই ছাত্রী কলেজপ্রধানের কাছে মতিয়ারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।কয়েকজন শিক্ষক জানিয়েছেন, এর আগেও দুবার মতিয়ার রহমানকে কলেজ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ দুই বছর আগে বহিষ্কার করা হয়। কিন্তু প্রতিষ্ঠানের অধ্যক্ষের আস্থাভাজন হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল করা হয়।শিক্ষকদের কয়েকজন জানান, মতিয়ার রহমানের ঘটনা নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে দলাদলি চরমে উঠেছে। তাঁরা বলেন, শিগগিরই প্রতিষ্ঠানটির বনশ্রী শাখার প্রধান অবসরে যাবেন। এরপর প্রধান হওয়ার মতো জ্যেষ্ঠতা রয়েছে তিনজনের। তাঁদের একজন মতিয়ার রহমান। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা গেলে বাকি দুজনের সুবিধা হয়। এ কারণে শিক্ষকদের একটি পক্ষ মতিয়ারের বিচার চেয়ে আন্দোলনের পাশাপাশি অভিভাবকদের উসকে দিচ্ছে।এ বিষয়ে জানতে চেষ্টা করা হলে মতিয়ার রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজের সাবেক ছাত্রদের একটি অংশ মতিয়ার রহমানের পক্ষে মানববন্ধনসহ নানা কর্মসূচি নিচ্ছে। কলেজের প্রাক্তন ছাত্র রাশেদ আক্তার প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ সত্য নয়। সামাজিকভাবে হেয় করার জন্যই অপপ্রচার চালানো হচ্ছে।শিক্ষার্থীদের মানববন্ধন: মতিয়ার রহমানকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গতকাল শনিবার কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। এসএসসি পরীক্ষা সামনে রেখে চলমান বিশেষ কোচিং ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা এতে যোগ দেয়। তাদের হাতে ‘শিক্ষাক্ষেত্রে নারীর নিরাপত্তা চাই’, ‘এই পৈশাচিকতার শেষ কোথায়’, ‘আর কত দিন নারীর অশ্রুজল বৃথা যাবে’, ‘ছদ্মবেশী পিশাচদের স্থান নেই’—এসব লেখাসংবলিত পোস্টার ছিল।দশম শ্রেণীর একাধিক ছাত্রী প্রথম আলোকে বলে, শিক্ষকেরা নৈতিকতার শিক্ষা দেন। তাঁরা যদি অনৈতিক কাজ করেন, তাহলে ছাত্রীরা কোথায় গিয়ে দাঁড়াবে।মতিয়ার রহমান শ্রেণীকক্ষে ও ব্যবহারিক ক্লাসে মেয়েদের প্রায়ই অশালীন মন্তব্য করতেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।ছাত্ররা বলে, মানববন্ধন না করতে কয়েকজন শিক্ষক তাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। বলছেন, যেসব শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেবে, তাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে না।