যৌন নির্যাতনের শিকার শিশুরা আইনগত সহায়তা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের শিকার শিশুরা বেশির ভাগ সময় আইনগত সেবা পাচ্ছে না। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে দেখা গেছে, ধর্ষণের শিকার ৬৯টি শিশুর মধ্যে মাত্র দুটি শিশু আইনি সহায়তা পেয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে ইউনিসেফ আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদনটি প্রকাশ করে। ‘শিশুদের ওপর যৌন হয়রানি ও বাণিজ্যিক নির্যাতন: জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা’ শীর্ষক ইউনিসেফের ওই গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শিশু সুরক্ষায় ইউনিসেফ শিশুদের যৌন হয়রানি, প্রতারণা ও পাচার সুনির্দিষ্টভাবে দেখার আহ্বান জানায়। জাতিসংঘের এই সংস্থাটি মনে করছে, যৌন হয়রানি ও শিশু পাচারের বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা ও পদক্ষেপ নেওয়া হলেও শিশুদের যৌন হয়রানির বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। প্রতিবেদনে গবেষক থেরেস ব্লানচেট বলেন, বাংলাদেশে পারিবারিক পরিমণ্ডলে, কর্মক্ষেত্রে মেয়ে ও ছেলেশিশুরা ধর্ষণের শিকার হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই হয়রানির শিকার পরিবারগুলো তাদের ভাষায় ‘মান-মর্যাদার’ কথা বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের দ্বারস্থ হয় না। গোপন রাখার এই প্রবণতা অপরাধীদের বাঁচিয়ে দেয়। প্রায় সব ক্ষেত্রেই তাদের চ্যালেঞ্জ করা হয় না বলে তিনি জানান। প্রতিবেদনে কিশোরদের যৌন হয়রানির ভীতিকর দিকগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ মিশেল সেন্ট লট বলেন, ‘এই আবর্ত আমাদের ভেঙে ফেলতে হবে। আমাদের কথা বলতে হবে এবং ঝুঁকিতে থাকা এই শিশুদের তাৎক্ষণিক যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি জানি, কাজটি সহজ নয়, কিন্তু আমাদের বাড়তি প্রচেষ্টা নিতে হবে এবং প্রচলিত ব্যবস্থার বাইরে চিন্তা করতে হবে।’ইউনিসেফ গত ছয় মাস রাজধানী ঢাকাসহ ১২টি জেলায় যৌন হয়রানির শিকার ৪০ জন মেয়ে, ২৮ জন ছেলে, তিনজন বিবাহিত মেয়েশিশু, ৫৯ জন শিশু যৌনকর্মী ও যৌনকর্মীদের কাছে যায় এমন বেশ কিছু ছেলেকে এই গবেষণার আওতায় নিয়ে আসে। দেখা গেছে, যৌনপল্লির ৪৩ শতাংশ মহিলা এই পেশায় নিয়োজিত হওয়ার আগে যৌন হয়রানির শিকার হয়েছিল। এ ছাড়া কর্মক্ষেত্রে প্রায়ই বয়সে বড় পুরুষ সহকর্মীরা ছোট ছেলেশিশুদের যৌন নির্যাতন করে। অনেক ক্ষেত্রে মেয়েশিশুরা শুধু বেঁচে থাকার তাগিদে অল্প বয়সে যৌনকর্মী হতে বাধ্য হয়। ইউনিসেফের এই গবেষণা প্রতিবেদনে স্কুল পর্যায়ে যৌনবিষয়ক শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। কর্মক্ষেত্রে চাকরিদাতাদের আরও বেশি দায়িত্বশীল আচরণ করা, প্রশিক্ষিত সমাজকর্মী ও জরুরি রাতযাপনের আশ্রয়কেন্দ্রের আওতা বাড়ানোর কথাও এতে জোর দিয়ে বলা হয়েছে।