যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রণয়ন ও সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমগুলোর অনেক বেশি ভূমিকা পালনের সুযোগ আছে। পরিবারে ছোটবেলা থেকেই ছেলে ও মেয়েসন্তানকে সমান সুযোগ দিয়ে বড় করতে হবে।গতকাল মঙ্গলবার মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।মহিলা অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম।দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন বলেন, যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি মোকাবিলায় সমন্বিত কর্মকৌশল তৈরি করে এগোতে হবে। তিনি এ ধরনের হয়রানি প্রতিরোধে একটি শক্তিশালী আইন তৈরির ওপর গুরুত্ব দেন।কর্মশালায় জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যৌন হয়রানি বিষয়ে মতামত দেওয়ার জন্য মহিলা অধিদপ্তর কর্মশালার আয়োজন করেছিল। তরুণদের কাছ থেকে পাওয়া সেসব সুপারিশের আলোকে ভবিষ্যৎ কার্যকরী কর্মকৌশল তৈরির উদ্দেশ্যেই গতকালের কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্র, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন এবং দলীয় আলোচনায় কর্মকৌশল তৈরির জন্য সুপারিশ দেন।কর্মশালায় সুপারিশগুলো পড়ে শোনান মহিলা অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া ইয়াসমীন জোয়ার্দার ও সহকারী পরিচালক মুমিতা তানযীলা।সুপারিশে ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ ও পদক্ষেপ নেওয়া, বখাটেদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, নৈতিক মূল্যবোধের শিক্ষা বাড়ানো, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। একইভাবে এ সুপারিশে ছেলেমেয়েদের শালীনতা বজায় রেখে পোশাক পরা ও চলাফেরার বিষয়টিও ছিল। তবে কর্মশালায় বক্তারা বলেন, পোশাকের কারণে কাউকে যৌন হয়রানি করা যায় না, সে বিষয়টি তরুণদের ভালোভাবে বোঝাতে হবে।কর্মশালায় মহিলা অধিদপ্তরের পরিচালক কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।