যৌন হয়রানি বন্ধের জন্য আইন প্রণয়নের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুললে যৌন হয়রানি প্রতিরোধ করা সম্ভব হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘যৌন হয়রানি বন্ধে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নীতিমালা প্রণয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা এ কথা বলেন। সাপ্তাহিক ২০০০, অ্যাকশন এইড ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, জাতীয় জীবনে ব্যাপক নৈরাজ্যের অংশ হিসেবেই ইভ টিজিংয়ের প্রসার ঘটেছে। আইনজীবী সারা হোসেন বলেন, যৌনতা বিষয়ে অভিযোগকারীকেই দোষী ভাবা হয়। অভিযোগকারীর আইনের আশ্রয় পাওয়া বা অভিযোগ করার মতো পরিবেশ সমাজে এখনো তৈরি হয়নি। প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, ইভ টিজিং প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল এইড) রেহানা সুলতানা যৌন হয়রানি রোধে হাইকোর্টের দেওয়া নির্দেশনার ওপর আলোচনা করেন। বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার।আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন ও সাপ্তাহিক ২০০০-এর সহযোগী সম্পাদক মহসীন আব্বাস।