যৌন হয়রানি রোধে আইনের খসড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে আইনের খসড়া তৈরির কাজ শুরু করেছে আইন কমিশন। হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে এই আইন করা হচ্ছে। গতকাল আইনের একটি প্রাথমিক খসড়া নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও সভা করেছে কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী হয়রানি রোধে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দেন। কমিশনের সঙ্গে আলোচনা করে এ নিয়ে মহিলা আইনজীবী সমিতি কিছু কাজ করে। এর ভিত্তিতে আইনের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আইনের খসড়া তুলে ধরেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম। আইনজীবী সালমা আলী প্রথম আলোকে বলেন, আইনটি প্রতিরোধমূলক। তবে অভিযোগ পাওয়া গেলে বিদ্যমান আইনে বিচারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ইভ টিজিং নিয়েও আলোচনা হয়েছে। গত বছর ১৪ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যৌন হয়রানি রোধে কয়েক দফা দিকনির্দেশনা দিয়ে রায় দেন। এ বিষয়ে আইন তৈরি না হওয়া পর্যন্ত এসব দিকনির্দেশনা আইন হিসেবে কাজ করবে বলেও অভিমত দেওয়া হয়।