রং ও স্যাকারিন মেশানো বড়ি দিয়ে মোটা হওয়ার টনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য বাড্ডার একটি প্রতিষ্ঠানে ডেক্সামেথাসন গ্রুপের (ডেক্সামেসন) বড়ির সঙ্গে স্যাকারিন ও রং মিশিয়ে তৈরি হচ্ছিল হেলথ টনিক নামে মোটা হওয়ার ‘ইউনানি ওষুধ’। এ ওষুধ খেলে শরীর দ্রুত মোটা হয়। তাই বাজারে এর ব্যাপক চাহিদা। হার্বস ফার্মা লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ জিয়া বাসায় বসে নিজেই এই ওষুধ তৈরি ও বাজারজাত করছিলেন।ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুরে অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। দুপুর একটার দিকে আদালত মধ্য বাড্ডার ২১ আদর্শনগরের বাসায় অভিযান চালান। ওই বাসায় বিপুল পরিমাণে ডেক্সামেসন বড়ি পাওয়া গেছে। একটি হাঁড়িতে ওষুধ তৈরির উপাদান মেশানো হচ্ছিল। এ সময় সেখানে স্যাকারিন পাওয়া যায়। ভেজাল ওষুধ তৈরির দায়ে আবদুল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ এম এ আজহার প্রথম আলোকে বলেন, ডেক্সামেথাসন বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহূত হয়। কিন্তু এই ওষুধ বেশি পরিমাণে ব্যবহার করলে উচ্চ রক্তচাপ ও শরীর মোটা হয়ে যেতে পারে। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, অনেকেই মোটা হওয়ার জন্য এসব ভেজাল ওষুধ খেয়ে থাকেন। একই ভবনে ন্যাচারাল হার্বস নামের আরেকটি প্রতিষ্ঠানের মালিক ও হিউম্যান রাইটস নামের একটি বেসরকারি সংস্থার সাবেক উপপরিচালক হাসান কবির ভেজাল ইউনানি ওষুধ তৈরি করছিলেন। হাসান কবির স্বীকার করেন, ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই তিনি নয় ধরনের ওষুধ বাজারে ছেড়েছেন। তাঁকে আটক করে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ওই থানাকে নির্দেশ দেন আদালত। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই আদালত রাজধানীর শনির আখড়ার জিয়া সরণি রোডের এ কে কেব্ল নামের একটি তার তৈরির কারখানায় অভিযান চালান। তারের মোড়কে বিএসটিইয়ের সঠিক তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।