রংপুরের জেলেপল্লিতে হামলাকারীদের শাস্তির দাবি জেলে সমিতির
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে জেলেপল্লিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার। তিনি বলেন, রংপুর পীরগঞ্জে জেলেদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
আনোয়ার হোসেন আরও বলেন, কখনো সাম্প্রায়িকতার নামে, কখনো আইন প্রয়োগের নামে, আবার কখনো মিথ্যা-বানোয়াট অভিযোগে করে জেলে সম্প্রদায়ের ওপর হামলা-মামলা নির্যাতন চালানো হয়। তারই ধারাবাহিকতায় রংপুরে এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
জেলে সমিতির সহসভাপতি ওমর ফারুক বলেন, রংপুরের এ জেলেপল্লিতে বাস করা লোকজনের ৯০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। যারা এ হামলা চালিয়েছে, তাদের বিচার করতে হবে। এটা না হলে এসব হামলা বন্ধ হবে না। তিন বছর আগেও এখানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ আনন্দ বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বাদশা প্রমুখ।