রক্তে ভেসে গেল স্বপ্নার স্বপ্ন
চাকরি করবেন, এমন স্বপ্ন নিয়ে বাসা খুঁজতে ঢাকায় এসেছিলেন মোছাম্মৎ স্বপ্না (২০)। কিন্তু স্বপ্ন ভেসে গেল রক্তে। গতকাল শনিবার সন্ধ্যায় গুলিস্তানে লেগুনার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে পথচারীরা ও পুলিশ স্বপ্নাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বপ্নার মাথায় গুরুতর আঘাত ছিল।পল্টন থানার এসআই হিরো মোল্লা বলেন, সন্ধ্যা সাতটার দিকে একটি লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন স্বপ্না। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বপ্নার সঙ্গে ছিল তাঁর সহকর্মী মোছাম্মৎ শাবানা। তবে তিনি সুস্থ আছেন। পুলিশ লেগুনাসহ চালক মো. হাবিবকে (২৬) আটক করে থানায় নিয়ে যায়।শাবানা সাংবাদিকদের বলেন, স্বপ্নার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাষাঢ়ার গাবতলীতে। তাঁরা দুজন চাষাঢ়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্বপ্না ওই চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় চাকরির চেষ্টা করছিলেন। বাসা খুঁজতে সকালে স্বপ্না তাঁকে নিয়ে ঢাকায় আসেন। সারা দিন বাসা খুঁজে গুলিস্তানে যান তাঁরা। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রাতে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আবদুর রহিম (৫০) নামের এক ব্যবসায়ী। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি পরিবার নিয়ে বাড্ডা এলাকায় থাকতেন।