রঙিন বেলুনেও মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্থপথে বেলুন হাতে শিশু কাকলি l ছবি: প্রথম আলো
পান্থপথে বেলুন হাতে শিশু কাকলি l ছবি: প্রথম আলো

গোলাপি, হলুদ, সবুজ, কমলা, নীল রঙের অনেকগুলো বেলুন। বেলুনের গায়ে সাদা বল বল ছাপ। বেলুনগুলো নয় বছরের শিশু কাকলির হাতে। তবে অন্য শিশুদের মতো বেলুন হাতে থাকলেও কাকলির মুখে হাসি নেই। ক্লান্তির ছাপ চোখেমুখে। এক হাতে মুঠো করে এবং আরেক হাতে বেলুনগুলোর ভার বইতে তার কষ্ট হচ্ছে। রাজধানীর পান্থপথ সিগন্যালে গাড়ি থামতেই ও এগিয়ে যাচ্ছে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাগুলোর দিকে। বেশির ভাগ সময়ই তাকে নিরাশ হতে হচ্ছে। একেকটা বেলুনের দাম ২০ টাকা।
গতকাল মঙ্গলবার সিগন্যালে বসেই কথা হয় কাকলির সঙ্গে। বেলা তিনটা। রাজধানীতে প্রচণ্ড যানজটের সঙ্গে যোগ হয়েছে রোদের তেজ। তপ্ত রাস্তায় দৌড়ে বেড়ানো কাকলির পায়ে কোনো স্যান্ডেল নেই। গায়ে একটি প্রিন্টের ফ্রক ও পায়জামা। কাকলির মা বাসাবাড়িতে ঠিকা গৃহপরিচারিকার কাজ করেন।
বাবা কী করেন—প্রশ্নের উত্তরে ছোট করে কাকলি বলে, ‘বাবা নাই’। মারা গেছেন? এ প্রশ্নে কাকলির মুখে কোনো কথা নেই। তোমাদের ছেড়ে চলে গেছেন? এবারও নিশ্চুপ। শুধু মলিন মুখটি আরেকটু মলিন হলো।
দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া হয়নি। বেলুন বিক্রিও তেমন একটা হয়নি। তাই এত প্রশ্নের উত্তর দিতে কাকলির ভালো লাগছিল না। দুটো বেলুন কেনার পর ছোট মুখটিতে হাসি নয়, শুধু একটু স্বস্তির দেখা মেলে।

দেশে ২৯ সেপ্টেম্বর থেকে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। সোমবার ছিল বিশ্ব শিশু দিবস। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও সপ্তাহ পালনের নানান আনুষ্ঠানিকতা চলছে।