রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের পর সহকারীকে হত্যা
রডভর্তি ট্রাক ছিনতাইয়ের পর ট্রাক চালকের সহকারীকে (হেল্পার) হত্যা করে গতকাল মঙ্গলবার ভোরে আগারগাঁও এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ও আরেকজন কর্মী।নিহত হওয়া সহকারীর নাম নজরুল ইসলাম (২০)। আহত ট্রাকচালক আবু সাঈদ বলেন, চট্টগ্রাম থেকে ট্রাকে (কুষ্টিয়া ট-১১-১২৪১) ২০ টন রড নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন। রাজধানীর শ্যামলী এলাকা থেকে একটি ট্রাক তাঁদের পিছু নেয়। সাভারের হেমায়েতপুর এলাকায় ওই ট্রাকটি সামনে এগিয়ে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। ট্রাকে থাকা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ট্রাকচালক এবং তাঁর দুই সহকারী নজরুল ও রজবকে জিম্মি করে অপর ট্রাকে উঠতে বাধ্য করে। পরে তাদের একটি দল রডবোঝাই ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়।আবু সাঈদ বলেন, ছিনতাইকারীরা তিনজনকে হাত-পা বেঁধে ট্রাকে তুলেছিল। এ সময় নজরুল বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। তবে ট্রাকে থাকা অবস্থায় তাঁরা নজরুলের মৃত্যুর বিষয়টি বুঝতে পারেনি। তাঁদের বহনকারী ট্রাকটি সকাল সাতটার দিকে আগারগাঁওয়ের রোকেয়া সরণি এলাকায় পৌঁছালে নজরুলসহ তিনজনকেই রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা। তখন নজরুলের নিথর দেহ তাঁদের নজরে আসে। আহত আবু সাঈদ ও রজবকে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় রডমালিকের পক্ষ থেকে সাভার থানায় মামলা করা হয়েছে। লুট হওয়া রডের দাম প্রায় ১৮ লাখ টাকা বলে তাঁরা দাবি করেছেন।কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।