রডের মান সঠিক না থাকা ও প্রয়োজনীয় নিবন্ধন না নেওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রডের মান যাচাই করতে গতকাল বুধবার রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালত শাস্তিমূলক এ ব্যবস্থা নেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বাংলা মোটরে কবির স্টিল রি-রোলিং মিলের বিক্রয়কেন্দ্রে অভিযান চালান। সেখান থেকে আদালতের নির্দেশে দুটি রডের নমুনা সংগ্রহ করেন বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর সঙ্গে নেওয়া হয় ওই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে।এরপর আদালত আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আনোয়ার ইস্পাত লিমিটেডে অভিযান চালিয়ে একইভাবে নমুনা সংগ্রহ করেন এবং একজন প্রতিনিধিকে নেওয়া হয়। পরে শাহরিয়ার স্টিল রি-রোলিং মিলস, এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও খাজা আজমীর স্টিল মিলসে অভিযান চালিয়ে নমুনা ও একজন করে প্রতিনিধি নেওয়া হয়। এসব নমুনা ও প্রতিনিধিদের নিয়ে বিএসটিআইয়ের পরীক্ষাগারে যান আদালত।বিএসটিআইয়ের পরীক্ষাগারে এসব নমুনা প্রতিটি কোম্পানির বিশেষজ্ঞদের উপস্থিতিতে বিএসটিআইয়ের কর্মকর্তারা যন্ত্রের সাহায্যে পরীক্ষা করেন। পাঁচটি কোম্পানির রড সাতটি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শুধু শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের তৈরি রডে গ্রেড উল্লেখ করা আছে ৩০০। কিন্তু পরীক্ষার পর ৪০০ পাওয়া যায়। সঠিক গ্রেড ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।এ ছাড়া খাজা আজমীর স্টিল মিলস লিমিটেড ও এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সব ধরনের রড তৈরিতে লাইসেন্স নিলেও ১০ মিলি রড তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স নেয়নি। এ অপরাধে আদালত প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। আনোয়ার ইস্পাত লিমিটেড ও কবির স্টিলের রডে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় আদালত প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ দেন।বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রড তৈরিতে সাতটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এর মধ্যে রডের আকারের সঠিক মান, প্রতি মিটারে ওজন নির্ণয়, প্রতি এরিয়ায় শক্তির পরিমাণ, ধরে রাখার শক্তি, ভার নেওয়ার সময় শতকরা কত ভাগ বাড়ে তার হিসাব, গ্রেড নির্ণয় ও বাঁকা করতে গিয়ে চিড় বা ফাটল ধরে কি না ইত্যাদি পরীক্ষা। রড তৈরির পর সাতটি পরীক্ষার মান সঠিক থাকতে হবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। এ সময় বিএসটিআইয়ের কয়েকজন কর্মকর্তা এবং র্যাব-২ এর একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করে।বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানকে জরিমানা: নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল পুরান ঢাকার নবাবপুর রোডের নিউ বিএল ইলেকট্রিকে (এলজি কেবেলর বিক্রয়কেন্দ্র) অভিযান চালান। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পিভিসি ইন্সলেটেড বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করার অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।