রণাঙ্গনের কলমসৈনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরে সবাই যখন মিছিলে আর স্লোগানে ব্যস্ত, তখন এই ডামাডোলে কিছু তরুণ ডুবে আছেন লেখালেখিতে। ফুটপাতে কিংবা রাজপথে বসে ল্যাপটপ কিংবা কাগজ নিয়ে লিখে যাচ্ছেন একমনে।প্রজন্ম চত্বরের সর্বশেষ খবর, সিদ্ধান্ত, ঘোষণা, সাক্ষাৎকার নিয়ে এই তরুণেরা সম্পাদনা করেন বিশেষ বুলেটিন। এসব বুলেটিনে যেন মূর্ত হয় জনমানুষের এই আন্দোলন। সারা দিন কাজ করে সন্ধ্যায় ছাপা বুলেটিন নিয়ে তাঁরাই হয়ে ওঠেন হকার। জনে জনে পৌঁছে দেন সারা দিনের আন্দোলন। তাঁরা হয়ে উঠেছেন রণাঙ্গনের কলমসৈনিক।কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনকে কেন্দ্র করে বের হচ্ছে মোট চারটি বুলেটিন। এসব বুলেটিনে প্রতিদিন তৈরি হওয়া নতুন নতুন গান, কবিতা, গল্পও উঠে আসছে।আন্দোলনের তৃতীয় দিনেই প্রথম বুলেটিন বের করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু শিক্ষার্থী। চার রঙা এই বুলেটিনের নাম প্রজন্ম চত্বর। শুভেচ্ছামূল্য রাখা হয়েছে ১০ টাকা। আন্দোলন নিয়ে গল্প, ছড়া, কার্টুন, কবিতা, ছবি, পোস্টার, সংবাদ—সবই রয়েছে এতে। আয়োজকদের একজন জানান, প্রতিদিন এক হাজার কপি করে প্রকাশ করা হয়। মূলত আন্দোলনে আসা নতুন অংশগ্রহণকারীদের আন্দোলনের ধারাবাহিকতা সম্পর্কে জানানোই এর লক্ষ্য।বিভিন্ন গণমাধ্যমে কর্মরত তরুণ সাংবাদিকেরা মিলে বের করছেন গণরায়। ইতিমধ্যে তাঁরা দুটি সংখ্যা প্রকাশ করেছেন। প্রতিবারই ছাপিয়েছেন তিন হাজার কপি। নিজেদের অর্থায়নে করা এই পত্রিকার কোনো শুভেচ্ছামূল্য নেই।পত্রিকাটি প্রকাশের সঙ্গে জড়িত সোহেল পারভেজ প্রথম আলোকে বলেন, আন্দোলন শুরুর পর ১১ তারিখ থেকে এই প্রকাশনা বের করছেন। আন্দোলন ঘিরে সাধারণ মানুষের অংশগ্রহণকে নথিবদ্ধ করে রাখার জন্যই তাঁদের এই প্রয়াস।শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে বের হওয়া আরেকটি বুলেটিন মুক্তিযুদ্ধ। ইতিমধ্যে এর দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। উদ্যোক্তাদের একজন সুমন জাহিদ বলেন, শাহবাগে যে আন্দোলন হচ্ছে, তা স্বাধীনতার পর প্রথম প্রজন্মের আন্দোলন।আনিক রাশেদ খানের সম্পাদনায় বের হচ্ছে ফাঁসির দাবি নিয়ে এসেছি নামে বুলেটিনটি। দুই পাতার এই সাদা-কালো বুলেটিনের প্রতি সংখ্যার মূল্য রাখা হচ্ছে পাঁচ টাকা।সর্বজন নামে আরেকটি বুলেটিন বের করে আহমদ ছফা রাষ্ট্রসভা নামক সংগঠন। চার পৃষ্ঠার এই বুলেটিনের আটটি সংখ্যা প্রকাশিত হয়েছে। আহমদ ছফা রাষ্ট্রসভার উদ্যোক্তা সলিমুল্লা খান বলেন, সংগঠনের কিছু কনিষ্ঠ সদস্য এটি প্রকাশ করছেন। আন্দোলনকে ঘিরে বিভিন্ন গান, কবিতা, সংবাদ, প্রবন্ধ এখানে স্থান পায়।