রফিক-উল হকের বক্তব্যকে অসত্য বললেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে ব্যারিস্টার রফিক-উল হকের বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শফিক আহমেদ বলেন, পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের দেওয়া রায়ের ভিত্তিতেই সংবিধান পুনর্মুদ্রণ করা হয়েছে। পুনর্মুদ্রিত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হুবহু রাখা হয়েছে। এতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। সুতরাং এখানে বিভ্রান্তির কোনো সুযোগও নেই।১২ জুন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে রফিক-উল হক বলেছিলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে মুদ্রিত সংবিধানে ৯৯ অনুচ্ছেদ নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মামলার রায়ের পর মুদ্রিত সংবিধানে ৯৯ অনুচ্ছেদের পরিবর্তন আনা হয়েছে। অথচ পঞ্চম সংশোধনীর রায়ে ৯৯ অনুচ্ছেদ নিয়ে কোনো কথা বলা হয়নি।