রবির নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করবে বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেতার তরঙ্গের জন্য এখন থেকে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নেটওয়ার্কিং অবকাঠামো ব্যবহার করবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশানে রবির করপোরেট কার্যালয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ক্যুনার এবং বিজিবির যোগাযোগ বা কমিউনিকেশন্স বিভাগের পরিচালক কর্নেল মো. নজরুল ইসলাম সরকার এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।বিজিবির কমিউনিকেশন্স বিভাগের পরিচালক কর্নেল মো. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘এই প্রথম বিজিবি কোনো মোবাইল অপারেটরের অবকাঠামো ভাগাভাগির চুক্তি করল। এটি আমাদের অপ্রয়োজনীয় স্থাপনা নির্মাণের ঝামেলা এবং অতিরিক্ত অর্থ ব্যয় কমাতে সাহায্য করবে। পাশাপাশি এই চুক্তি আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানেও সাহায্য করবে।’রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, ‘কমিউনিকেশন নেটওয়ার্ককে সহজ করতে দেশের গুরুত্বপূর্ণ একটি সরকারি সংস্থার অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’ অনুষ্ঠানে রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।