খাদ্যে ভেজাল রোধ এবং বাজার তদারকির জন্য পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজান মাসজুড়ে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এরই মধ্যে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়ে গেছে।তবে রাজধানীতে ইফতারিসহ তৈরি খাবারের মান নিয়ন্ত্রণ ও ভেজাল রোধ এবং বাজার তদারকির জন্য ঢাকা সিটি করপোরেশনের কোনো ভ্রাম্যমাণ আদালত নেই। বিএসটিআই সূত্র জানায়, রমজান মাসজুড়ে বিএসটিআই রাজধানীতে প্রতিদিন ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। গতকাল বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা তিনটি বাড়ানো হয়েছে। এসব ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাবারের দোকানে প্রক্রিয়াজাত করা খাবার, খোলা খাবার, ইফতারি ও পানীয়ে ভেজাল প্রতিরোধে অভিযান চালাবেন। হোটেল ও রেস্টুরেন্টগুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে কি না তা-ও বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তদারক করবেন। এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলবে বলে জানা গেছে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি ভ্রাম্যমাণ আদালত রমজান মাসে প্রতিদিন রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করবেন। অধিদপ্তর সূত্র জানায়, রমজানের প্রায় এক সপ্তাহ আগেই বাজার পরিদর্শন শুরু হয়েছে। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি রোধ এবং নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধ করার জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবেন।অধিদপ্তর সূত্র জানায়, খুব শিগগিরই রাজধানীতে আরও দুটি ভ্রাম্যমাণ আদালত চালু করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত দুটি কাজ শুরু করবেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে।সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নেই: রমজান মাসে রাজধানীর ফুটপাতে অস্থায়ী দোকান তৈরি করে ইফতারি বিক্রি করা হয়। এসব দোকানের অধিকাংশই স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতারি তৈরি করে না। বিএসটিআই সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা এসব দোকানেও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। তবে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) রমজান মাসে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত চালু করেনি।জানতে চাইলে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রমজান মাসে ইফতারিসহ তৈরি খাবারে ভেজাল প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমের সব প্রস্তুতি সিটি করপোরেশনের রয়েছে। কিন্তু প্রয়োজনীয় লোকবল ও ম্যাজিস্ট্রেটের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। বিএসটিআইয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত মূলত প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড) ও পানীয়ের মান নিয়ন্ত্রণ করে। তৈরি খাবারের মান নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সিটি করপোরেশনের। ২০০৫ সালের ২৫ অক্টোবর প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিএসটিআইয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের মামলা করার ক্ষমতা দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত হোটেল ও রেস্টুরেন্ট পরিদর্শন করে পরিচ্ছন্নতার বিষয়টি তদারক করে যাচ্ছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় গত মঙ্গলবার রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের পাঁচ ট্রাক মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ভোগ্যপণ্য উদ্ধার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মো. বশির নামের এক ব্যক্তিকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খাদ্য ও ভোগ্যপণ্যের মধ্যে ছিল বিভিন্ন ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ দুধ, ময়দা, বিস্কুটসহ নানা ধরনের খাদ্যদ্রব্য। আটক মো. বশির র্যাবকে জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পর এসিআই পরিচালিত দোকান ‘স্বপ্ন’ থেকে এগুলো কিনে আনা হয়। এরপর পণ্যের মোড়ক থেকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ তুলে ফেলা হয়।জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্য নষ্ট করা এবং এ ঘটনার সঙ্গে এসিআই কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত র্যাব-১ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার।