রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় থাকবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করায় বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আশা করেন, আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান শুরুর আগে ও রজমানের মাঝামাঝি সময়ে দুই দফায় টিসিবির পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার, বাজার মনিটরিং, ওএমএস, পণ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।