রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা। এ জন্য বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। মসজিদগুলোতে প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ করতে ওয়াসার আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এসব তথ্য জানান। তাকসিম এ খান বলেন, আগামী ২০২১ সালের মধ্যে রাজধানীর পানির চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা হবে। ওয়াসার ‘ঘুরে দাঁড়াও কর্মসূচি’র তথ্য জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে এমডি দাবি করেন, রাজধানীতে ওয়াসার পানি সরবরাহ পরিস্থিতি বর্তমানে ভালো। ঘন ঘন লোডশেডিং ও বিভিন্ন সড়কের প্রান্তসীমা বা পকেট এলাকার সমস্যার কারণে শুকনো মৌসুমে কিছুটা পানি সমস্যা হলেও বর্তমানে কোথাও কোনো ধরনের সংকট নেই। নগরের পরিধি এবং পানির চাহিদা বেড়ে যাওয়ায় পয়ঃ ও স্টর্ম ড্রেনেজব্যবস্থাও বাড়ানো হচ্ছে। গত অভিযানে ২৩ কিলোমিটার খাল উদ্বার করা হয়েছে। আট কিলোমিটার খাল খনন করা হয়েছে। এ জন্য এবারের বর্ষা মৌসুমে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। এমডি বলেন, বর্তমানে ওয়াসা এলাকায় পানির চাহিদা প্রতিদিন গড়ে ২২৫ কোটি লিটার। ওয়াসা সরবরাহ করছে ২১৭ থেকে ২২০ কোটি লিটার। নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা এ বছর ১৯১টি গভীর নলকূপ স্থাপন করেছে। নতুন করে আরও ১৭টি পাম্প বসানোর কাজ চলছে। গত বছর ২০০টি নতুন জেনারেটর কেনা হয়েছে। পুরান ঢাকার পানির দুর্গন্ধ দূর করতে সায়েদাবাদে প্রাকশোধন প্লান্ট চালু করা হয়েছে। ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীতে নতুন করে ১৪১ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। বর্তমানে গভীর নলকূপের সাহায্যে মাটির নিচের ৮৭ ভাগ পানি উত্তোলন করা হয়। উপরিভাগ থেকে আসে ১৩ শতাংশ পানি। তিনি বলেন, মাটির নিচের পানির উত্তোলন কমিয়ে উপরিভাগের পানির উত্তোলন ৭০ ভাগ করা হবে। ওয়াসার নেওয়া আরও কিছু উদ্যোগের অংশ হিসেবে পানি বহনের জন্য নতুন পাঁচটি গাড়ি কেনা হয়েছে বলে এমডি জানান। তিনি বলেন, পানির সিস্টেম লস ৪০ ভাগ থেকে কমিয়ে ২৯ দশমিক ৫ ভাগে আনা হয়েছে। নগরের ২২টি বস্তিতে পানির ১১০টি সংযোগ দেওয়া হয়েছে। এতে সাড়ে পাঁচ হাজার পরিবার উপকৃত হবে। নগরে ১৫টি অভিযোগকেন্দ্র খোলা হয়েছে। পানির সমস্যা দূর করতে ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। দুর্নীতিসহ নানা অভিযোগে গত দুই বছরে ওয়াসার ২৩ কর্মচারী ও কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ছয়জনকে। দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে আরও ৬০ জনকে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমডি বলেন, নগরবাসীর পানিসংকট নিরসনে পদ্মা নদী থেকে পানি আনার মহাপরিকল্পনা চলছে। ওয়াসা পানিসংকট নিরসনে বৃষ্টির পানি বা রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প চালু করবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম চৌধুরী ও মাহাবুবুর রহমান।