রমজানে বিষ ও ভেজালমুক্ত ইফতারির দাবি
পবিত্র রমজান মাসে বিষ ও ভেজালমুক্ত ইফতারি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ মানববন্ধন করা হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পল্লীমা গ্রিন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), বারসিক, জন-উদ্যোগ, গ্রিন মাইন্ড সোসাইটি, মডার্ন ক্লাব, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ ও পরিবেশ উন্নয়ন সোসাইটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাস সামনে রেখে ইফতারিতে যেসব ভোগ্যপণ্য বেশি ব্যবহৃত হয় সেগুলোর উৎপাদন, আমদানি, মজুতকরণ কার্যক্রম ব্যাপকভাবে চলছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে এসব খাদ্যপণ্যে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক ও ভেজাল মেশাচ্ছেন। তাঁরা জাতিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি নিয়ে বড় হচ্ছে আগামী প্রজন্ম। সরকারকে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিষ ও ভেজালমুক্ত ইফতারি নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, রেলের ইঞ্জিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোটরযান, নৌযান ও কলকারখানার পোড়া তেল ও মবিলমিশ্রিত তেল দিয়ে রমজানে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী ভাজা হয়। এ ছাড়া একই তেল বারবার ব্যবহার করার কারণে তা বিষাক্ত হয়ে যায়। রাসায়নিক রং ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভোজ্যতেল তৈরি করা হয়। এতে বয়স্ক ও শিশুদের মধ্যে ক্যানসারজাতীয় রোগের লক্ষণ দেখা যাচ্ছে। গর্ভবতী মা ও ভ্রূণের ক্ষতি হয়। সন্তান ক্যানসার, কিডনিসহ মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা যথাযথ উদ্যোগ নিচ্ছে না। তাই জনগণ কোনো সুফল পাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে জাতি পঙ্গু হয়ে যাবে। তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করে ইফতারিবাজার পর্যবেক্ষণ, খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি মেশানো ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ দ্রুত বাস্তবায়ন, নিয়মিতভাবে খেজুর, ফল, মুড়ি, সেমাই, রংমিশ্রিত সব খাবার পরীক্ষা করা এবং সময়োপযোগী কীটনাশক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করতে হবে।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।