রমজানে যাতায়াতে চরম ভোগান্তিতে ঢাকার যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকার যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশই মিটারের বদলে চুক্তিতে চলাচল করছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণপরিবহনের ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটির তিনটি দল গত দুই দিন নগরে যাত্রী ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ করে। ৩১৩টি বাস ও ৩৮৬ জন বাসযাত্রী, ১৬০টি অটোরিকশা, ৫৬ জন অটোরিকশার যাত্রী ও ট্যাক্সিক্যাবের ৮৮ জন যাত্রীর সঙ্গে কথা হয়।

প্রতিবেদনে বলা হয়, রমজানে সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরে চলাচলকারী বাস-মিনিবাসের প্রায় ৮৮ শতাংশ সিটিং সার্ভিসের নামে দরজা বন্ধ করে রাখে। এতে মাঝপথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। এসব বাস সরকার-নির্ধারিত ভাড়ার পরিবর্তে কোম্পানি-নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে নিম্ন আয়ের লোকজনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। যাত্রীদের বাদুরঝোলা হয়ে অফিসে যাতায়াত করতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নগরে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ৯২ শতাংশ চুক্তিতে চলাচল করছে। ৯৮ শতাংশ অটোরিকশা মিটারের অতিরিক্ত ভাড়া বা বকশিশ দাবি করছে। আগে ১০ টাকা বকশিশ চাইলেও রমজানে ২০-৩০ টাকা বকশিশ দাবি করা হচ্ছে। যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে রাজি হন না ৮৬ শতাংশ অটোরিকশাচালক।

প্রতিবেদনে আরও বলা হয়, যাত্রাবাড়ী, পোস্তগোলা, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, আগারগাঁও, ধানমন্ডি, বনানী, বারিধারাসহ নগরের অনেক গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ট্যাক্সিক্যাবের দেখা মিলছে না।

প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষণকালে ৭৬ শতাংশ যাত্রী প্রচলিত গণপরিবহনব্যবস্থার ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করে। ৮৮ শতাংশ যাত্রী প্রতিদিন যাতায়াতে দুর্ভোগের শিকার হয়। ৯২ শতাংশ যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ৩৬ শতাংশ যাত্রী চলন্ত বাসে ওঠানামা করতে বাধ্য হয়। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া দিয়েও ৩৪ শতাংশ যাত্রী দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। হয়রানির শিকার হলেও অভিযোগ কোথায় করতে হয়, তা জানে না ৯০ শতাংশ যাত্রী। তবে ৬৮ শতাংশ যাত্রী বলেছে, অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায় না বলেই অভিযোগ করে না।