রমজানে রাত আটটায় দোকান বন্ধ করবেন না মালিকেরা
আসন্ন রমজানে দোকানমালিকেরা রাত আটটায় দোকানপাট বন্ধ করবেন না। তবে তাঁরা বিদ্যুৎ-সাশ্রয়ে এসি বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেবেন। গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দোকানমালিক সমিতির নেতারা এ কথা জানান। বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ওই সভায় দোকানমালিক সমিতির নেতারা বলেন, মূলত রমজানের এক মাসই তাঁরা বছরের সর্বোচ্চ ব্যবসা করেন। তাই প্রয়োজনে নিজস্ব উদ্যোগে আলোর ব্যবস্থা করে হলেও যতক্ষণ ক্রেতা থাকবেন ততক্ষণ দোকান খোলা রাখবেন তাঁরা।সভা শেষে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সভায় রাত আটটার পর দোকান খোলা রাখার ব্যাপারে পুরোপুরি সম্মতি না দিলেও বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হলে এ ব্যাপারে তাঁরা নমনীয় থাকবেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর, আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ দোকানমালিক সমিতির সভাপতি আমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যুৎসচিব বলেন, রমজানে কোথাও একটানা আধা ঘণ্টার বেশি লোডশেডিং করা হবে না। তিনি দোকানমালিকদের উদ্দেশে সর্বোচ্চ চাহিদার সময় এসি না চালানোসহ বিদ্যুৎ-সাশ্রয়ের আহ্বান জানান। কাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজে বিদ্যুৎ-সাশ্রয় নিয়ে আলোচনা করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানান।সভায় দোকানমালিক সমিতির নেতাদের মধ্যে মো. জসিম উদ্দিন, শাহ আলম খন্দকার, এম এ হান্নান আজাদ, মো. আরিফ দিপু, নুরুল ইসলাম, বি এম এস জামান, আব্দুল কাইয়ুম, মোহসিন আলম, এম কাদের কিরন প্রমুখ উপস্থিত ছিলেন।