রমনা এলাকায় থাকবে সাড়ে ছয় হাজার র‌্যাব-পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণ নির্বিঘ্ন করতে এবার রাজধানীতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে র‌্যাব ও পুলিশ। রমনা এলাকায় মোতায়েন করা হবে সাড়ে ছয় হাজার র‌্যাব ও পুলিশের বিশেষ দল। এরা সকাল থেকেই রমনা পার্কে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করবে। এ ছাড়াও থাকবে ডিবি পুলিশের বিশেষ দল ‘সোয়াট, সিসি টিভি ও বিস্ফোরক স্কোয়াড। এর বাইরেও সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্রসরোবর ও শিশুপার্ক ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।নববর্ষের নিরাপত্তা নিয়ে গতকাল শনিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুলিশের আইজি নূর মোহাম্মদ বলেন, জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে এবারের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নেই।সূত্র জানায়, এবার সকাল থেকে রমনা পার্কে যাওয়া ও বের হওয়ার জন্য গেট নির্ধারণ করা হয়েছে। এসব গেট ছাড়া কেউ চলাচল করতে পারবে না। প্রবেশের গেট হলো, অরুণোদয়, অস্তাচল, বৈশাখী, রমনা রেস্তোরাঁ ও কাকরাইল মসজিদের সামনের গেট ও নতুন গেট। বের হওয়ার গেটগুলো হলো উত্তরায়ণ, স্টার গেট ও ফুটওভারব্রিজের নিচের বৈশাখী গেট। তবে শ্যামলীমা গেট দিয়ে প্রবেশ ও বের হওয়া যাবে।পুলিশ সূত্র জানায়, রমনা পার্কসহ আশপাশ এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হবে। বর্ষবরণের মঞ্চ তৈরির আগেই মঞ্চের জায়গা ভালো করে পরীক্ষা করা হবে। রমনা পার্কে যাতে কেউ যানবাহন নিয়ে ঢুকতে না পারে, সে জন্য ২১টি স্থানে ব্যারিকেড দেওয়া হচ্ছে। পার্কের ভেতর ছিনতাই ও পকেটমার প্রতিরোধে নয়টি দল কাজ করবে। এ ছাড়া আরও ১৭টি স্থানে থাকছে নিরাপত্তাকর্মী। মহানগর পুলিশের পাশপাশি বোমা নিষ্ক্রিয়করণ টিম মোতায়েন করা হচ্ছে। ভেতরে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। থাকছে পর্যবেক্ষণ টাওয়ার। পুলিশ সূত্র জানায়, রমনা পার্ক ও আশপাশ এলাকায় নিরাপত্তার জন্য থাকছে পুলিশের সাড়ে ছয় হাজার সদস্য। এ জন্য পুরো এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে।