রমনা কালী মন্দিরের কমিটি নিয়ে সভাপতি-সম্পাদকের পাল্টাপাল্টি অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দির
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন মন্দির ও আশ্রমের সভাপতি-সাধারণ সম্পাদক। সভাপতি উৎপল সাহা বলছেন, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁকে বাদ দিয়ে অবৈধ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করেছেন সাধারণ সম্পাদক সজীব কুমার বিশ্বাস। তবে সজীবের দাবি, কমিটিতে জায়গা না পেয়ে উৎপল মনগড়া বক্তব্য দিচ্ছেন।

গত শুক্রবার (৪ মার্চ) উৎপল সাহার বিয়ে উপলক্ষে যশোরে যান মন্দির ও আশ্রমের কার্যনির্বাহী পরিষদের নেতাদের একটি অংশ। ওই দিনই বিকেলে মন্দির ও আশ্রমের কমিটির সাধারণ সভা ডাকেন সজীব বিশ্বাস। এই সভায় নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে উৎপলের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় দিনাজপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপালকে।

শুক্রবারের ওই সভার পর মন্দির ও আশ্রমের জ্যেষ্ঠ কার্যকরী সদস্য হেমন্ত বেপারী ও সাধারণ সম্পাদক সজীব কুমার বিশ্বাসের স্বাক্ষরে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘আজ (৪ মার্চ) বিকেল পাঁচটায় মন্দির ও আশ্রম পরিচালনা পরিষদের একটি সাধারণ সভা হয়েছে। সভায় সবার সম্মতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এতে সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন সজীব কুমার বিশ্বাস। এই কমিটিতে ১৭ জন সহসভাপতি, ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১৪ জন সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন সম্পাদক, উপসম্পাদক ও সদস্য রয়েছেন।’

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উৎপল সাহা ও তাঁর অনুসারীরা রোববার ঢাকায় ফিরেছেন। সোমবার তাঁর বউ ভাতের অনুষ্ঠান হয় রমনা কালী মন্দিরে। এ দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎপল অভিযোগ করেছেন, অসৎ উদ্দেশ্যে অবৈধ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করেছেন সজীব বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে উৎপল সাহা বলেন, ‘গত ৪ মার্চ শ্রী শ্রী রমনা কালী মন্দিরের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী পরিষদের অধিকাংশ সদস্য বর্তমান সভাপতির বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যশোরে যান। এই সুযোগে সেদিন বিকেলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস অনুমোদিত রমনা কালী মন্দিরের একটি নতুন কার্যনির্বাহী পরিষদের তালিকা প্রকাশ করে একটি কুচক্রী মহল। সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস কার্যনির্বাহী পরিষদের ২-৩ জন সদস্যকে নিয়ে এককভাবেই এই ন্যক্কারজনক সিদ্ধান্ত নেন। এটি বর্তমান সভাপতিসহ কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে কখনোই অনুমোদিত নয়। কমিটি গঠনে কোনো কার্যনির্বাহী সভা আহ্বান করা হয়নি। এই কমিটি নিয়মতান্ত্রিক উপায়ে করা হয়নি।’ মন্দিরের কার্যনির্বাহী পরিষদে আলোচনা করে মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক উপায়ে পরবর্তী কার্যনির্বাহী পরিষদ গঠন ও ঘোষণা করা হবে বলে উৎপল উল্লেখ করেন।

যোগাযোগ করা হলে উৎপল সাহা প্রথম আলোকে বলেন, ‘মন্দির ও আশ্রমের কার্যনির্বাহী পরিষদের ৮০ শতাংশ সদস্য আমার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যশোরে গিয়েছিলেন। এই অনুপস্থিতির সুযোগ নিয়ে সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস নিজের একক নিয়ন্ত্রণে রাতের অন্ধকারে একটি কমিটি গঠন করেছেন। এটা চুরির মতো একটা ঘটনা। তাই কার্যনির্বাহী পরিষদের অধিকাংশের পক্ষ থেকে আমি বিজ্ঞপ্তি দিয়ে এর প্রতিবাদ জানিয়েছি। হয়তো পেছন থেকে কেউ তাঁদের (সজীব বিশ্বাস) ইন্ধন দিচ্ছে।’।’

তবে সজীব কুমার বিশ্বাসের দাবি, উৎপলের কোনো অভিযোগই সত্য নয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে আসতে না পেরে তিনি (উৎপল) মনগড়া বক্তব্য দিচ্ছেন। আমরা যথাযথ প্রক্রিয়া মেনেই কমিটি করেছি। অতীতে যেভাবে এই মন্দির ও আশ্রমের কমিটি হয়েছে, সেভাবেই নতুন কমিটি গঠন করা হয়েছে।’

এই কমিটির বিষয়ে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল প্রথম আলোকে বলেন, ‘আমাকে সভাপতি করা হলেও ওই প্রক্রিয়াটির সঙ্গে আমি ছিলাম না। বিতর্কিত কোনো জায়গায় গিয়ে সভাপতি হওয়ার মানসিকতা আমার নেই। তাঁরা (উৎপল ও সজীব) যদি সম্মিলিতভাবে আসতে পারেন, তাহলে আমি সভাপতির দায়িত্ব পালনে রাজি আছি। তা না হলে আমি সভাপতি পদটি গ্রহণ করছি না।’