রমনা গেটের বেহাল দশা
রাজধানীর দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়ে হলদে রঙের বিশালাকার কয়েকটি স্তম্ভ। ধারণা করা হয়, মোগল আমলে নির্মিত স্তম্ভগুলো মূলত ব্যবহূত হতো ঢাকার প্রবেশপথ হিসেবে। ‘মির জুমলার গেট’ নামে পরিচিত এ স্তম্ভগুলোর নির্মাণশৈলী নিয়ে বিতর্ক আছে। কেউ বলছেন রমনায় প্রবেশের জন্য ব্যবহূত এই গেটটি ‘রমনা গেট’ নামেই পরিচিত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত ঢাকার সংরক্ষিত স্থাপনার তালিকায় মির জুমলার নাম থাকলেও এটি এখন বেদখল। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এই স্তম্ভগুলোর এখন বেহাল দশা।তত্কালীন ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডস মূল শহরের সঙ্গে রেসকোর্সকে যুক্ত করার জন্য রেসকোর্সের উত্তর-পূর্ব দিকে তৈরি করেন একটি রাস্তা। এই রাস্তার প্রবেশমূলে তৈরি দুটি স্তম্ভ এই প্রবেশপথ। অন্য আরেকটি তথ্য আছে, ইসলাম খাঁর আমলে রমনা অঞ্চলে ছিল ‘বাগে বাদশাহি’ নামে মোগল উদ্যান। বাগে বাদশাহির প্রবেশপথে ছিল দুটি স্তম্ভ। পরে তা পুনর্নির্মাণ করে নামকরণ করা হয় ‘ময়মনসিংহ গেট’।বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পেছনে মির জুমলার গেটের পশ্চিম অংশ ব্যবহার করে নির্মিত হয়েছে বসতভিটা। গেটের দেয়ালে লাগানো হয়েছে টিনের ঘর। জানা গেছে, এই ঘর ব্যবহূত হচ্ছে বিজ্ঞান অনুষদের নার্সারির কর্মচারীর (মালী) থাকার কাজে। ঘরে অবস্থান করছেন, এমন একজনকে পাওয়াও গেল। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁদের সরে যেতে বলা হয়নি। দেয়াল ঘেঁষে চুলা তৈরির কারণে নষ্ট হয়ে গেছে গেটের সৌকর্য। খসে পড়ছে চুন-সুরকি। দেয়ালের অন্য পাশেরও একই অবস্থা। স্তম্ভের মাঝামাঝি অংশটি রোড ডিভাইডারের মধ্যে পড়ায় তাতে লাগানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের প্রচ্ছদসহ অনেক কিছুই।ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের মতে, শুধু কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ধরনের মূল্যবান স্থাপনা হারিয়ে যাওয়ার পথে। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় হলেও সংরক্ষিত ওই স্থাপনাটি আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, এ ধরনের ঐতিহ্য-স্মারক সংরক্ষণের ব্যাপারে আমাদের সচেতন হওয়া জরুরি।’প্রসঙ্গত, সংবিধানের ২৪ অনুচ্ছেদে বলা আছে, ‘বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাত্পর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপরাসণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন।’ মহানগর ইমারত বিধিমালা, ২০০৮-এর ৬১ বিধিতে ঐতিহ্য সংরক্ষণ ও ঐতিহ্যবাহী বিশেষ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যথাযথ সংরক্ষণের বিধান রয়েছে।যোগাযোগ করা হলে প্রত্নত্তত্ব অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম রমনা গেটের বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত নন বলে জানান। বিস্তারিত বর্ণনা শুনে তিনি শিগগিরই রমনা গেট পরিদর্শনে প্রতিনিধি পাঠাবেন বলে আশ্বাস দেন। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।