রমনা থেকে উৎসব ছড়িয়ে পড়ে পুরো শহরে
নববর্ষে রাজধানীজুড়ে ছিল নানা উৎসবের বর্ণাঢ্য আয়োজন। নগরবাসী ঘুরে ঘুরে অনুষ্ঠান উপভোগ করে। রমনার বটমূল থেকে গত বুধবার যে উৎসবের আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়েছিল, দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে পুরো শহরে।বাংলা নববর্ষ উপলক্ষ্যে শহরে বসেছিল বেশ কয়েকটি মেলা। এ ছাড়া ছিল পোশাকের মেলা, লোক উৎসব, ছড়া উৎসব ও বইমেলা। ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও ঘোড়ার গাড়িযোগে গান গেয়ে নববর্ষের জানান দেয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।বাংলা একাডেমীতে বর্ষবরণ সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ১০ দিনব্যাপী অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। নববর্ষ উপলক্ষে স্মারক বক্তব্য দেন অধ্যাপক আনিসুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা-বিসিকের সঙ্গে যৌথ উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ’বৈশাখী মেলা ১৪১৭’। এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের হস্ত, কারুশিল্পী ও উদ্যোক্তাদের সামগ্রী স্থান পায়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ওই মেলার উদ্বোধন করেন। ১০ বৈশাখ পর্যন্ত মেলা চলবে।জাতীয় জাদুঘরে ভোর ছয়টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের খ্যাতিমান বাউলসংগীত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন।রমনা বটমূলে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক উপপরিষদ প্রথমবারের মতো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পুলিশ সদস্যরা জনপ্রিয় বাংলা গানের পাশাপাশি ঐতিহ্যবাহী লোকজ সংগীত ও নৃত্য পরিবেশন করেন।বাংলাদেশ রাইফেলস পিলখানায় বর্ষবরণ অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে। মেলায় বিডিআরের বিভিন্ন ইউনিটের ঐতিহ্য ও পেশাগত উত্কর্ষের নিদর্শন তুলে ধরা হয়। পাশাপাশি দিনব্যাপী চলে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।ঘাসফুল শিশু কিশোর সংগঠনের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে লেকের পাড়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রধান ক্যাম্পাসে নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, এম. নূরুল ইসলাম, মুশফিক এম চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে চৈত্রসংক্রান্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।