রমনা পার্কে কাক মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা পার্কে অজ্ঞাত কারণে কাক মারা যাচ্ছে। তিন দিন ধরে কাকের মৃত্যুর এই ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার রমনা পার্কের বিভিন্ন স্থানে মৃত কাক পড়ে থাকতে দেখা গেছে। দুর্গন্ধে পুরো রমনা পার্কের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। এ ব্যাপারে সরকারি কোনো সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন বা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে আসেনি বলে জানিয়েছেন হকার ও পার্কে নিয়মিত আসেন এমন ব্যক্তিরা।গতকাল রমনা পার্কের প্রধান ফটক ধরে কিছু দূর এগিয়ে সেতুটি পার হতেই নাকে গন্ধ লাগল। সামনে এগোতেই টয়লেটের পাশে দেখা গেল ১০০টির ওপর মরা কাক। বেশির ভাগ মৃতদেহ পচে গেছে।আরও কিছু সামনে এগোতে কয়েকটি জায়গায় একই দৃশ্য চোখে পড়ল। পার্কের বাদাম বিক্রেতা শাহ আলম বলেন, পার্কের বিভিন্ন স্থানে গাছ থেকে কাকগুলো মরে পড়ছে। স্থানীয় টোকাই ও বাদাম বিক্রেতারা মৃত কাকগুলো বিভিন্ন স্থানে স্তূপ করে রাখছেন। প্রাথমিকভাবে তাঁরা ভেবেছিলেন বড় কাকের ঠোকরে ছোট কাক মারা যাচ্ছে। কিন্তু দুই দিন ধরে ছোট-বড় সব ধরনের কাক মারা যেতে দেখে পার্কের অনেকের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে।পার্কের এসব অস্থায়ী মানুষ জানান, মৃত কাকের পচা দেহ পার্কের পুকুরের পানির সঙ্গে মিশে গেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাঁরা আরও বলেন, ভোর বেলা শরীরচর্চা ও হাঁটতে আসা নগরবাসীর মধ্যে এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।এ ব্যাপারে রমনা পার্কের তত্ত্বাবধায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিঞা মোহাম্মদ ইয়ামিন প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার গণপূর্ত অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করতে যাবে বলেও তিনি জানান।