রমনা পার্কে গাছ চেনালেন প্রকৃতি বিশারদেরা
‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ শপথ নিয়ে পরিবেশ-বিষয়ক সংগঠন তরুপল্লবের সদস্যরা গতকাল শুক্রবার সকালে সমবেত হয়েছিলেন রমনার বটমূলে। এটি ছিল সংগঠনের ২০তম ‘গাছ দেখা, গাছ চেনা’ অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও বৃক্ষ ও প্রকৃতি বিশারদেরা পার্কে ঘুরে ঘুরে দর্শনার্থীদের নানা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রায় দেড় শ প্রকৃতিপ্রেমী উপস্থিত ছিলেন। গতকাল বেশ কয়েকটি গাছের জীবন, ফুল, ফল, ঔষধি গুণ সম্পর্কে আলোচনা হয়। প্রথমে দর্শনার্থীরা চিনে নেন সবুজাভ ফুলে ছাওয়া ছাতিমগাছটি। পরে একে একে চেনেন চালতা, ফলসা, দেশি গাব, সোনাপাতি ইত্যাদি গাছ। মহুয়াগাছের নিচে এসে শেষ হয় দিনের কার্যক্রম।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন। উদ্ভিদবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা তাঁর বক্তব্যে বলেন, শুধু কাঠের বাজারমূল্য দিয়ে নয়, বরং প্রকৃতি ও প্রাণী জীবনে সামগ্রিক অবদান বিবেচনায় গাছের প্রকৃত মূল্য নির্ণয় করা প্রয়োজন। নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া চমৎকার করে বুঝিয়ে দেন বট ও অশ্বত্থের পার্থক্য। পাখি বিশারদ ইনাম আল হক জানান রমনার গাছে গাছে বাস করা পাখিদের জীবনযাপনের খুঁটিনাটি। বিজ্ঞপ্তি।