রমনা মসজিদের ইমাম হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন
রমনা মসজিদের ইমাম মাওলানা ইসহাক খুনের ঘটনায় অভিযুক্ত আবদুর রহিমের ছোট ভাই মোস্তফা কাশেম দাবি করেছেন, মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসামিদের বাঁচানোর চেষ্টা করছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোস্তফা কাশেম এই অভিযোগ করেন। সম্মেলনে তিনি দাবি করেন, রমনা মসজিদের ইমাম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইলিয়াস সরদার। চট্টগ্রামের পটিয়ায় ফাহাদ সল্ট ইন্ডাস্ট্রিজ নামের লবণ কারখানা পরিচালনা নিয়ে ইলিয়াস ও মাওলানা ইসহাকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। লবণ কারখানার প্রকৃত মালিক ইলিয়াসকে ৩০ লাখ টাকা ভাড়া দিয়ে কারখানা পরিচালনা করে আসছিলেন মাওলানা ইসহাক। পরে ইলিয়াস কারখানাটি বিক্রির চেষ্টা করেন। মাওলানা ইসহাক লবণ কারখানা কিনতে রাজি না হওয়ায় আবদুর রহিম কারখানাটি কিনতে সম্মত হন। তিনি আরও বলেন, ইলিয়াস সরদারকে এক কোটি ২৫ লাখ টাকা দেন আবদুর রহিম। মাওলানা ইসহাক এর মধ্যস্থতা করেন। কিন্তু মাওলানা ইসহাক আবদুর রহিমের নামে কারখানাটি দলিল করে দিতে বললে ইলিয়াস সরদারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মোস্তফা কাশেম অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে ইলিয়াস সরদার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মাওলানা ইসহাককে হত্যা করিয়েছেন।তবে নিহত ইমামের ভাই ও মামলার বাদী মোহাম্মদ শুয়াইব অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে আবদুর রহিমের সংশ্লিষ্টতা রয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তথ্য রয়েছে।