রমনার কনকচাঁপা গাছটি আর নেই
কনকচাঁপা আমাদের অতি পুরোনো ও দুষ্প্রাপ্য ফুল। দুর্লভ হওয়ার কারণে ফুলটি আমাদের কাছে নামে যতটা পরিচিত, চেহারায় ঠিক ততটা নয়। প্রাচীন মৈমনসিংহ গীতিকায়ও এ ফুলের উল্লেখ আছে—‘হাঁট্যা না যাইতে কন্যার পায়ে পড়ে চুল/মুখেতে ফুট্টা উঠে কনক চাম্পার ফুল।’
ঢাকায় কনকচাঁপার হাতেগোনা কয়েকটি গাছ আছে। বলধা গার্ডেন, শিশু একাডেমীর বাগান ও রমনা পার্কে বসন্তে এদের দুর্লভ প্রস্ফুটন চোখে পড়ে। বলধা গার্ডেন থেকে শিশু একাডেমীতে চারা এনে লাগিয়েছিলেন নিসর্গপ্রেমী বিপ্রদাশ বড়ুয়া। আর প্রায় সাত বছর আগে শিশু একাডেমী থেকে চারা নিয়ে রমনা পার্কে লাগিয়েছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। তবে তাঁর লাগানো গাছটি রমনা পার্ক থেকে কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে। কে বা কারা এই দুষ্প্রাপ্য গাছ কেটেছে, তাঁর সদুত্তর দিতে পারেনি রমনা পার্ক কর্তৃপক্ষ।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে দ্বিজেন শর্মা প্রথম আলোকে বলেন, ‘শুধু কনকচাঁপাগাছ কাটা হয়নি, এর আগে আগরগাছও কাটা হয়।’
জানতে চাইলে রমনা পার্কের দায়িত্বে থাকা গণপূর্তের আরবরিকালচারের উপবিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার বিষয়টি শুনেছি। আমাদের নির্দেশে গাছগুলো কাটা হয়নি। দ্বিজেন শর্মা স্যারের সঙ্গে দাঁড়িয়ে থেকে গাছগুলো লাগিয়েছিলাম। আমি দেশের বাইরে থাকার সময় গাছগুলো কাটা হয়েছে। এটা আমি সপ্তাহ খানেক আগে জেনেছি। তবে গাছগুলো লাগানোর জন্য ইতিমধ্যে চারা সংগ্রহের উদ্যোগ নিয়েছি।’
বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায়, কনকচাঁপা ছোটখাটো ধরনের গাছ। এর কাণ্ড মসৃণ ও বাকল ধূসর রঙের। মাথার দিকে ডালপালাগুলো কিছুটা ছড়ানো ধরনের। শীতের শেষে সব পাতা ঝরে পড়ে। আবার বসন্তের একটু ছোঁয়া পেলেই যেন প্রাণ ফিরে আসে। তখন তামাটে রঙের কচি পাতাগুলো হাওয়ায় দোল খায়। এর পরপরই হলুদ সোনালি রঙের সুগন্ধি ফুলগুলো ফুটতে শুরু করে। পরাগ রেণুর প্রলোভনে ছুটে আসে ভ্রমরের দল। এদের মঞ্জুরি ছোট হলেও সংখ্যায় অজস্র। হলুদ পরাগচক্রে বহু কেশরের সমাহার। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই নিঃশেষ হয়ে আসে ফুল। ফুল ঝরে পড়ার পর লালচে ঢাকনার ভেতর গোল গোল ফল হয়। এই গাছের শিকড় দীর্ঘ ও আঁকাবাঁকা। বৈজ্ঞানিক নাম Ochna squarrosa।
গতকাল মঙ্গলবার দুপুরে রমনা পার্কে গিয়ে দেখা যায়, পার্কের নার্সারি লাগোয়া একটি সারিতে প্রায় সাত বছর আগে রোপণ করা কনকচাঁপা গাছটি কেটে ফেলা হয়েছে। এভাবে গত কয়েক বছরে পার্কের বিভিন্ন এলাকা থেকে দুর্লভ অনেক গাছ কাটা হয়। জানা গেছে, তরুপল্লব নামের একটি সংগঠন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু দুর্লভ গাছ এনে পার্ক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাগিয়েছিল। সেগুলোও নানা সময়ে কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ক্যাশিয়া গ্রান্ডিস, সুলতানচাঁপা, নীলমণিলতা। পার্ক কর্তৃপক্ষের লাগানো একটি দুর্লভ লতানো গাছ লেডিস আম্ব্রেলাও সম্প্রতি কেটে ফেলা হয়েছে। এ ছাড়া পাথারিয়া পাহাড় থেকে সংগ্রহ করা মামিয়া, আগর, দুলিচাঁপা ও কাউয়া তুতি লাগানো হয়। এর মধ্যে মামিয়া ও আগর কেটে ফেলা হয়।
রমনা পার্ক থেকে প্রতিনিয়ত দুর্লভ গাছ কাটা নিয়ে হতাশা প্রকাশ করেন প্রকৃতিপ্রেমী মোকারম হোসেন। তিনি বলেন, ‘রমনা পার্কের বর্তমান চেহারা আমাদের দারুণ হতাশ করে। ক্রমেই খালি জায়গার পরিমাণ কমে আসছে। যত্রতত্র ইচ্ছামতো লাগানো হচ্ছে গাছপালা। তাতে পার্কের সৌন্দর্যহানি ঘটছে। খোঁড়া যুক্তিতে যখন-তখন কেটে ফেলা হচ্ছে গাছ।’ তিনি এ ধরনের দুর্লভ গাছ কেটে ফেলার জন্য জড়িত ব্যক্তিদের শাস্তিও দাবি করেন।