রমনাসহ সব পার্ক রক্ষায় অভিন্ন নীতিমালার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা পার্কসহ রাজধানীর সব পার্ক বা উদ্যানের বিষয়ে একটি বিস্তৃত পরিকল্পনার আলোকে অভিন্ন নীতিমালা তৈরির প্রস্তাব করা হয়েছে।গত রোববার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে রমনা পার্কের ওপর স্লাইড শো ও আলোচনা সভায় এই প্রস্তাব করা হয়। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, এর অধীন সব সংস্থা এবং পরিবেশসচেতন বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করে এই নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ারও প্রস্তাব করা হয়। এক সপ্তাহের মধ্যে বেসরকারি প্রতিনিধিদল সচিবালয়ে গণপূর্তসচিবের কাছে গিয়ে এ বিষয়ে আলোচনায় বসবে বলে সভায় সিদ্ধান্ত হয়।অনুষ্ঠানের শুরুতেই স্থপতি তুঘলক আজাদ রমনা পার্কে ধারণ করা স্থিরচিত্রের স্লাইড শো ও তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, রমনা পার্ক এলাকার সবুজের সুখ্যাতি ঢাকা শহর পত্তনের গোড়া থেকেই। সেই বৈশিষ্ট্য থেকেই রমনা পার্ক। কিন্তু ইদানীং কিছু কিছু কার্যক্রম পার্ক হিসেবে রমনার সৌন্দর্য ও উপযোগিতাকে হুমকির সম্মুখীন করছে।স্লাইড শোতে তুঘলক আজাদ রমনা পার্কে কুসুমবীথি, পলাশ, সোনাইল, নাগেশ্বর, অশোক, মহুয়া, রক্তকাঞ্চন, মণিমালা, মান্দার, নাগলিঙ্গম, গগন শিরীষ, বাগানবিলাস, গুস্তাভিয়া, কুর্চি প্রভৃতি ফুলজ গাছের চিত্র তুলে ধরেন। পাশাপাশি সবুজ চত্বরে অপরিকল্পিতভাবে আম, জাম, কাঁঠাল ও পেয়ারাগাছ লাগানোর প্রতিযোগিতার দৃশ্যও উঠে আসে তাঁর ক্যামেরায়। পার্কজুড়ে ভূরিভোজের আয়োজন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিবেশবিরোধী অনুষ্ঠান, সে অনুষ্ঠান দেখার জন্য শতবর্ষী ফলদ গাছে বখাটেদের হুল্লোড়, গাছের ডাল ভেঙে যাওয়া, শব্দদূষণ ও পাখিদের ভয় পাওয়ার দৃশ্যও তুলে ধরেন তিনি। সবুজের আবহ নষ্ট করে পার্কের বিভিন্ন স্থানে কংক্রিটের অপ্রয়োজনীয় চওড়া রাস্তা, অরক্ষিত লেকে অবাঞ্ছিত ব্যক্তিদের অবাধ বিচরণও উঠে আসে।অনুষ্ঠানে গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন বলেন, রাজধানীর ধোলাই খাল নেই, পুরান ঢাকার মিল ব্যারাকসহ অনেক ঐতিহ্যই বিপন্ন, হারিয়ে যাচ্ছে ঢাকা ও চারপাশের নদীগুলো। সেদিক থেকে রমনা পার্ককে এখনো রক্ষা এবং আগের রূপে ফিরিয়ে দেওয়া সম্ভব। সভায় অধ্যাপক দ্বিজেন শর্মা বলেন, ‘নেই একটিও গর্ব করার মতো পার্ক। অথচ আমরা স্বপ্ন দেখেছিলাম, ঢাকা একটি উদ্যানের শহর হবে।’সভাপতির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা থেমে যাই। রমনাকে রক্ষা করার ক্ষেত্রে থেমে গেলে চলবে না। অভিন্ন নীতিমালা করে রমনার মতো সব উদ্যানকে রক্ষা করতে হবে।’বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আহসানুল হক খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, স্থপতি কাজী গোলাম নাসির, কবি বিপ্রদাস বড়ুয়া, প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার প্রমুখ বক্তব্য দেন।