রমনায় নির্মাণাধীন ভবন থেকে শাবল পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনার মিরবাগে গতকাল সোমবার নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার শাবল পড়ে রিয়া মনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটির মামা সাদ্দাম হোসেন গাজী বলেন, রিয়া তার বাবা-মায়ের সঙ্গে থাকত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজু (৭) নামের আরেক শিশুর সঙ্গে রিয়া দোকানে যাচ্ছিল। সে সময় পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে একটি শাবল রিয়ার মাথায় পড়ে যায়। সাদ্দাম বলেন, ‘চিৎকার শুনে বাসা থেকে বের হয়ে দেখি রিয়ার মাথা দিয়ে রক্ত ঝরছে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শমতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে রিয়া মারা যায়।’ এ ব্যাপারে থানায় একটি মামলা করা হবে বলে সাদ্দাম জানান।
রিয়ার বাবা মো. এরশাদ ও মা লাইলি বেগম। দোহারে তাঁদের বাড়ি। রিয়ার আট বছরের একটি ভাই রয়েছে।