রহস্যজনক মৃত্যু দুই নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁরা দুজনেই বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন।
মৃত দুই নারী হলেন স্বপ্না আক্তার (১৮) ও হেনা আক্তার (২৭)।
ভাটারা থানার পুলিশ জানায়, স্বপ্না বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের একটি ফ্ল্যাটের বাসিন্দা এ বি এম ইসমাইলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে তারা খবর পেয়ে অ্যাপোলো হাসপাতাল গিয়ে স্বপ্নাকে মৃত অবস্থায় পায়। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, স্বপ্না ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য ইসমাইলের স্ত্রীর ভাই শেখ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, তাঁর ধারণা স্বপ্না ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আট-নয় মাস আগে এই বাসায় তিনি কাজে যোগ দেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছাদ থেকে লাফিয়ে পড়ার পর তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এদিকে রামপুরা থানার পুলিশ জানায়, গৃহবধূ হেনা আক্তার ৭২ পূর্ব হাজীপাড়ায় থাকতেন। শনিবার মধ্যরাতে ওই বাড়ির পাঁচতলার ছাদ থেকে তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হেনা আক্তার ও তাঁর স্বামী জাহিদ হোসেন দুবাই থাকতেন। ৬ ফেব্রুয়ারি হেনা বাংলাদেশে আসেন।