করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

শাঁই শাঁই করে বাতাস ধেয়ে আসছে। সঙ্গে বিন্দু বিন্দু জলকণা। ঝুমবৃষ্টির পূর্ভাবাসই বলা চলে। আকস্মিক তুফানে গাছগুলোর অস্বাভাবিক দুলুনি দেখে মনে হলো, তবে কি তারা মহাপ্রলয়ের আগমনী গান শুনেছে যে ক্ষণে ক্ষণে প্রাণপণে অমন ইতস্তত দুলতে আরম্ভ করেছে! খানিক বাদে আকাশটা কালো মেঘে সয়লাব হয়ে গেল। আকাশটা থেকে চোখ না ফেরাতেই নামল ঝুমবৃষ্টি। আহ, বৃষ্টি! নিমেষেই তার প্রেমজলে ভিজে সিক্ত হয়ে গেল আশপাশের প্রতিটা গাছ, তরুর শাখা। হয়তোবা প্রাণ ফিরে পেল শুকিয়ে মরতে বসা ছোট্ট মরিচগাছটা। যার ভালোবাসারূপী জলের খুব অভাব পড়েছিল। যে অভাবে সে মরতে বসেছিল। বৃষ্টি অন্য সবার মতো তাকে ফিরিয়ে দিল না। বিরহ যন্ত্রণায় তাকে দগ্ধও করল না। অযুত ভালোবাসা দিয়ে ওর শুকনা শরীরটাতে বুলিয়ে দিল শীতল জলের পরশ।
অনেকটা এ রকম: ‘বিবাগী হয়ে তুই যন্ত্রণায় মজে আর কেঁদে যাবি কত?
ফিরে চা এবার, তোর দরজায় আমি, ভোলাব দুঃখ–যাতনা যত।’
বৈশাখ, জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ় শেষে শ্রাবণের শুরু হয়েছে। এ কারণেই বোধ হয় আকাশের এই রুদ্ররূপ আর অভিমানী মেঘের অশ্রুরূপী বৃষ্টির সংবরণ। কোয়ারেন্টিনটা এমনই কেটেছে।
স্বভাবকৌতূহলী চোখ আর কানজোড়া পেতে কোন পাশ থেকে কোন পাখির ডাক শোনা গেল, কোন জায়গা থেকে সাইকেলের ক্রিং ক্রিং বেজে উঠল, কোন পাশ দিয়ে শোঁ শোঁ বাতাস গেল, বাগানের কোন গাছটায় নতুন করে ফুল ধরল—এসবের খোঁজখবর রেখেই অলস সময়গুলো কেটে গেল। বলা হয়ে থাকে, নেই কাজ তো খই ভাজ। ঠিক তেমটাই ঘটেছে। তবে আমি এর মাঝেই জীবনের অর্থবোধকতা খুঁজে চলেছি।
খোলা আকাশের নিচে আনমনে বসে থাকলে নাকি জীবনটাকে খুব কাছ থেকে গভীরভাবে উপলব্ধি করা যায়। জীবন নিয়ে যত শত রহস্য, জল্পনা-কল্পনা সব নাকি স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়ে যায়। কোয়ারেন্টিনের সময়টাও আমাদের ঠিক সেই অনুভূতিটা দিয়ে চলেছে। লোকে যা–ই বলুক, এই পুরো খারাপ সময়ের মাঝেও কিছু অর্থবোধক মুহূর্ত উপহার দিয়েছে লকডাউনের দিনগুলো, যার কৃতিত্ব একদমই ফিরিয়ে দেওয়া যায় না। যত্ত সব অদ্ভুতুড়ে চিন্তার মাঝে এমনই কিছু চিন্তা আমার এই ছন্নছাড়া মস্তিষ্কে বাসা বেঁধে বসেছে।
আচ্ছা, এক অনন্য রহস্যের আঁধার যে আপনার বাড়িতে লুকিয়ে আছে, সেটা কি কখনো খেয়াল করেছেন? উত্তরে হয়তো স্বভাবকৌতূহলী দৃষ্টিতে ড্যাব ড্যাব করে চেয়ে থাকবেন আমার দিকে! মনে মনে ভাববেন, এই ছেলে আবার এসব কী যা তা বলে বেড়াচ্ছে! হ্যাঁ, হ্যাঁ, সেই অদ্ভুত রহস্যের হদিসটা কিন্তু আমি পেয়েছি। পেয়েছি কোয়ারেন্টিনের অলস সময়গুলোতেই।
জানেন, সেটা কি?
সেটা মায়ের রান্নাঘর। এ এক অসীম রহস্যের আঁধার। এ রান্নাঘরের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আলাদা ঘ্রাণ আছে। আছে আলাদা প্রাণ। আমি একে বলি সাম্রাজ্য।
রান্নাঘরের তাকজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বয়ামভর্তি লং, দারুচিনি, এলাচি, গোলমরিচের গুঁড়ো, রসুনবাটার বাক্সটা কিংবা মরিচবাটার বাক্সটা—এ সুবিন্যস্ত ও রহস্যময় সাম্রাজ্যের একেকটা বৃহৎ নগরের মতো। পরস্পর একত্র হয়ে তৈরি করে এক বিশাল সাম্রাজ্য। আবহমানকাল ধরে এ বিশাল সাম্রাজ্যের সেবা পেয়ে পেটের ক্ষুধা নিবারণ করে চলেছে তামাম মানবজাতি। ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তার রিকশাওয়ালা মামাটাও। তবে এ সাম্রাজ্যের বিশালতা নিয়ে আমরা কখনোই ভাবি না। অনেকের জীবনে তা অপ্রকাশিত রহস্য হিসেবেই রয়ে যায়। যদিও সেটা প্রতিটা ঘরে ঘরেই রাজত্ব করে চলে। আপনার ফুফুর, চাচির কিংবা খালার। সবার ঘরেই।
সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই মায়েদের, চাচিদের বা খালাদের সাম্রাজ্যের যে প্রধান সেবা তথা রান্না তার কিন্তু আলাদা একটা বৈচিত্র্য ও ভিন্নতা আছে। পরখ করে দেখবেন যে আপনার মায়ের রান্না আর আপনার খালার রান্নার স্বাদটা কিন্তু আলাদা। তবে উপাদান-উপকরণ ঠিক একই জিনিসই ব্যবহার করেন তাঁরা। তেমনিভাবে আপনার চাচির হাতের চিংড়ির চচ্চড়ির স্বাদ ও আপনার খালার হাতের চিংড়ির চচ্চড়ির তুলনায় ভিন্নধর্মী হবে। এ জিনিসটা পুরোপুরি আমায় ভ্যাবাচেকা খাইয়ে দেয়। কখনো কি সেই জিনিসটা চিন্তা করে দেখেছেন? পুরো বাঙাল মুলুকের প্রতিজন মমতাময়ীর হাতের এত্ত সব অমৃতের স্বাদ কখনোই কারও সঙ্গে মিশ খায় না। আমি এসব ভেবে তাজ্জব বনে যাই বারংবার। এত শত বৈচিত্র্য, এত বৈপরীত্য কিন্তু উপাদান-উপকরণগুলো তো সব একই! তবে এত বৈচিত্র্যের মাঝেও এক অসাধারণ মেলবন্ধন আছে এ সাম্রাজ্যের। সব ভিন্ন-ভিন্ন রং যেখানে একসাথ হয়ে তৈরি করেছে এক নান্দনিক সৌন্দর্যের।

সেই সৌন্দর্যটা হলো সন্তানের জিব। এই জিবে স্বাদ নিয়েই সন্তান জানান দেয়, পৃথিবীর সব রাঁধুনির চেয়েও তার মায়ের হাতের রান্না সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে মুখরোচক। এ এক জায়গায় সবাই এক। আমার কাছেও পৃথিবীর যেকোনো সেরা রাঁধুনির রান্না মায়ের রান্নার স্বাদের কাছে তুচ্ছ। মা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হলেই বোঝা যায় তাঁর হাতের অমৃতের দাম কতখানি। তখন চিরাচরিত অমৃতের স্বাদ কপালে না জোটায় সন্তানের গোমড়া মুখ দেখেই আঁচ করা যায় কতটুকু অস্বস্তির মাঝে বসবাস। পেটে পড়া অন্য যেকোনো খাবারই তখন তার পাকস্থলীতে অজীর্ণতা তৈরি করে। পীড়া দেখা দেয়।
ওই অমৃত যিনি সারাটা দিন এক করে মাথার ঘাম পায়ে ফেলে প্রস্তুত করেন, তাঁকে অধিকাংশ সময়ই নিস্তার দিই না। বিশেষ করে সচরাচর অনেক ঘরেই দেখা যায় খাবার একটা–দুটো চুল পেলেই কর্তা রেগেমেগে অস্থির। খাবার ছেড়েছুড়ে উঠে পড়েন। শুধু শুধু মেজাজ বিগড়ান। খুব চটে যান। চড়াও হয়ে পড়েন অনেকে। কিন্তু কখনোই ভাবেন না ঝড়-বৃষ্ট, ঈদ-পূজা-পার্বণ—সব ছুটির দিনেই আপনি অনেকটা সময় বিশ্রাম নিয়ে, ঘুমিয়ে কাটাতে পারেন। কিন্তু তাঁর কোনো নিস্তার নেই। তাঁর বিরাম নেই। বিশ্রাম নেই। অনবরত তিনি খেটেই চলেন। শাক-মাছ কাটাকুটি, পেঁয়াজ-রসুন ভর্তা করতে করতেই তাঁর জীবনের অনেকটুকু অংশ ব্যয় হয়ে যায়। ঠিকমতো উপভোগ করতে পারেন না কোনো উৎসব-অনুষ্ঠানও। তারপরও তাঁর কোন রা নেই। উচ্চবাচ্য করেন না। হাতের কাটা দাগটা বারবার ছিঁচকাঁদুনের মতো দেখিয়ে বেড়ান না। এ কারণেই তাঁরা মা। সৃষ্টিকর্তা তাঁদের পরশ পাথর বানিয়েছেন। অপরিমেয় ধৈর্য নিয়েই তাঁরা সব সয়ে যান। সংসারের ঘানি টেনে চলেন নিত্যদিন।
সকাতরচিত্তে বাড়ির কর্তাদের প্রতি একটি অনুরোধ। মায়েদের যন্ত্রণাগুলো বুঝুন। খাবারের টেবিলে বসে লবণ-মরিচ কম বেশি নিয়ে মাথা গরম করবেন না। মুচকি হেসে বলবেন, ‘তরকারিতে আজ মরিচ একটু বেশি হয়েছে তো কী হয়েছে? দূর! মনমরা হয়ে থেকো না, একদিনই তো! কাল অবশ্যই ঠিকঠাক হবে।’
*লেখক: শিক্ষার্থী, ১ম বর্ষ, বিডিএস, ঢাকা ডেন্টাল কলেজ