রাইফেলস কলেজের তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেলস কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা গতকাল সোমবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ রাইফেলসের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিআর চিকিত্সা পরিদপ্তরের পরিচালক কর্নেল মো. নাসিরউদ্দিন, কলেজের অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ ও কলেজ পরিচালনা পর্ষদের সচিব মেজর রেজাউল করিম।কলেজের তৃতীয় থেকে একাদশ শ্রেণীর ৭৫০ জন শিক্ষার্থীর উদ্ভাবিত মোট ১৮৬টি বৈজ্ঞানিক প্রকল্প মেলায় দেখানো হচ্ছে। মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুত্ উত্পাদন, ভাসমান বাড়ি, পরিচ্ছন্ন শহর, স্মারক স্তম্ভের নকশা, বিদ্যুত্ সাশ্রয়ী গাড়ি, নিরাপদ নৌযান, সৌরশক্তিতে কীটপতঙ্গ নিধন, হেভেন টাওয়ার, দুর্ঘটনা সতর্কীকরণ যন্ত্রসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সম্ভাবনাময় সৃজনশীল ধারণা। কাল বুধবার সমাপনী দিনে অংশ নেওয়া শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে বার্ষিক বিজ্ঞান মেলা শেষ হবে। বিজ্ঞপ্তি।