রাজউক ওয়েবসাইট বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওয়েবসাইটে এক মাসেরও বেশি সময় ধরে স্বাভাবিক উপায়ে কোনো ব্যবহারকারী ঢুকতে পারছেন না। রাজউক বলছে, নিরাপত্তা বাড়াতে সাইটটি উন্নয়নের জন্য কাজ চলছে।
তবে অভিযোগ রয়েছে, সদ্য প্রণীত ঢাকা কাঠামো পরিকল্পনার (ডিএসপি) বিষয়ে ওয়েবসাইটে মতামত কিংবা অভিযোগ জানানোর পথ বন্ধ করতেই পরিকল্পিতভাবে এটি করা হয়েছে।
ওয়েবসাইট ব্যবহারকারীরা বলেছেন, সাইটটিতে ঢুকতে না পেরে অনেকে এখান থেকে সাধারণ বিজ্ঞপ্তি, দরপত্র বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রকল্পের হালনাগাদ তথ্য ও অন্যান্য সেবা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা।
২০১৬ সাল থেকে পরবর্তী ২০ বছরের জন্য ঢাকার নতুন কাঠামোর খসড়া পরিকল্পনাটি চূড়ান্ত করতে গত ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করে রাজউক। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন ঢাকার উত্তর ও দক্ষিণ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়ররা। এ সম্পর্কে বিশেষজ্ঞ ও পেশাজীবীরাও মেয়রদের দেওয়া বক্তব্যের সঙ্গে গলা মিলিয়ে বলেন, ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা প্রণয়ন-প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। এখানে কোনো ধরনের জনসম্পৃক্ততাও নেই।
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজউকের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে। জনমত যাচাই এবং এ-সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগের জন্য খসড়া পরিকল্পনাটি রাজউকের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়।
কার্যত ওই সেমিনারের আগে থেকেই ব্যবহারকারীরা স্বাভাবিক উপায়ে ওয়েবসাইটটিতে ঢুকতে পারছেন না বলে স্বীকার করেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবসাইটটির উন্নয়নের জন্য কাজ চলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ডিএসপি প্রণয়ন-প্রক্রিয়া নিয়ে মেয়র ও বিশেষজ্ঞদের অভিযোগের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে রাজউকের সাবেক এক প্রধান প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে রাজউকের বিরুদ্ধে জনমত উপেক্ষা করা ও সমন্বয়হীনতার যে অভিযোগ রয়েছে এ ঘটনা সেটিকে আরও উসকে দেবে। এটি পরিকল্পিত কি না তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
গত এক মাস বিভিন্ন সময়ে ওয়েবসাইটটির জন্য নির্ধারিত (www.rajukdhaka.gov.bd) ঠিকানায় ঢোকার জন্য চেষ্টা করা হলে বরাবরই মূল পাতার পরিবর্তে পর্দার ডানে ‘ব্যাক টু সেফটি’ এবং বাঁ পাশে ‘প্রোসেসড এনিওয়ে’ নামের দুটি আলাদা অপশন দেখাতে থাকে। এভাবে বারবার চেষ্টা করেও গত কয়েক দিনে সাইটটিতে ঢুকতে পারেননি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক আকতার মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাধারণ সেবার কথা বাদই দিলাম। যখন নতুন কাঠামো পরিকল্পনা সম্পর্কে ওয়েবসাইটে মতামত নেওয়ার কাজ চলছে, তখন এ ধরনের একটা ঘটনা অনভিপ্রেত।’ সমস্যাটি দ্রুত সমাধানে রাজউকের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জানতে চাইলে রাজউকের সিস্টেম অ্যানালিস্ট কাজী মোহাম্মদ মাহাবুবুল হক বলেন, এ অবস্থায় বাঁ পাশের অপশনে ক্লিক করলেই মূল পাতায় ঢোকা সম্ভব হবে। তিনি বলেন, ‘গত কয়েক দিনে সাইটে ঢুকতে না পেরে অনেকে আমার কাছে ফোন করেছেন। বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর তাঁরা সাইটে ঢুকতে পেরেছেন।’
এ বিষয়ে গত বুধবার প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘কতজন আমাদের কাছে ফোন করবেন? কার কাছে ফোন করবেন? বিষয়টি আগে থেকেই সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল।’