রাজউক চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকের চেয়ারম্যানের অপসারণ, অস্থায়ী কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ এবং নতুন জনবল নিয়োগ বন্ধের দাবিতে গতকাল রোববার রাজউক ভবনে মানববন্ধন করেছে রাজউক কর্মচারী ইউনিয়ন।অন্যদিকে রাজউকের চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে না পারায় একশ্রেণীর কর্মচারী তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজউক ভবন প্রাঙ্গণে মানববন্ধন হয়। এ সময় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের প্রধান প্রবেশপথ ও চারতলায় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।মানববন্ধনে নেতৃত্ব দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শামসুল আলম (মিল্কী) প্রমুখ। আজও কর্মবিরতি ও মানববন্ধন হবে বলে তাঁরা জানান।চেয়ারম্যানের বক্তব্য: রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা গতকাল দুপুরে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কর্মচারী ইউনিয়নের কিছু সুবিধাবাদী নেতা তাঁদের স্বার্থ বিঘ্নিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, জাতীয় শোক দিবসের আগে ইউনিয়নের কিছু লোক যত্রতত্র অবমাননামূলকভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর পোস্টার লাগালে তিনি সুশৃঙ্খলভাবে সেগুলো লাগাতে বলেন। পরে তাঁরা নিজেরাই ওই পোস্টার ছিঁড়ে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর ওপর দোষ চাপান। এ ছাড়া, চলতি বছরের ১৬ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কনভেনশনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইইবির সভাপতি হিসেবে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে তাঁর ছবি ওঠে। অসাধু চক্রটি অনুষ্ঠানের কিছু ছবির পোস্টার সাঁটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।