রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদাকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে রাজউক ভবনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রোববার সকালে রাজউক চত্বরে রাজউক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এ বিক্ষোভ করে। সমাবেশে আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।সমাবেশ থেকে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজউক ভবনের দেয়ালে ও ইউনিয়নের কার্যালয়ের সামনে পোস্টার এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার লাগানো হয়। চেয়ারম্যানের নির্দেশে গত বৃহস্পতিবার একদল লোক সেগুলো ছিঁড়ে ফেলে। এই অবমাননাকর ঘটনার নায়ক চেয়ারম্যানকে বহিষ্কার করতেই হবে। বেলা ১১টার দিকে যখন বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, তখন রাজউকের চেয়ারম্যান ভবনে ছিলেন না। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর গাড়ি রাজউক ভবনে ঢুকলে বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশের সহযোগিতায় তিনি তাঁর দপ্তরে যান। সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, রাজউকের চেয়ারম্যান নূরুল হুদার নির্দেশে রাজউক ভবনের সামনে লাগানো জাতীয় শোক দিবসের পোস্টার এবং জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা তাঁর অপসারণের দাবি করছেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, কৃতকর্মের জন্য নূরুল হুদাকে তাঁর চেয়ার থেকে টেনে নামানো হবে। এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, বিক্ষোভের আয়োজকেরা কোনো ইস্যু না পেয়ে নিজেরাই পোস্টার-ব্যানার ছিঁড়ে তাঁর ওপর দোষ দিচ্ছেন। এটা ষড়যন্ত্রমূলক।ইউনিয়নের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য দেন।