রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রম সম্প্রসারিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে সম্প্রতি একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এই প্রস্তাবে রাজউকের জনবল বাড়িয়ে দুই হাজার ৪৯৬ করা এবং আটটি আঞ্চলিক কার্যালয় সৃষ্টির কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রস্তাবটি চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউকের সার্বিক কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান এক হাজার ৮৭ জনবলকাঠামোতে গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। কম জনবলের কারণে একদিকে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাচ্ছে না, অন্যদিকে জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন, ‘রাজউকের কোনো আঞ্চলিক কার্যালয় না থাকায় সেবা গ্রহণকারী সবাইকে প্রধান কার্যালয়ে আসতে হচ্ছে, ফলে সুষ্ঠু নগর ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে। এসব কারণেই আমরা জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’রাজউকের সূত্রমতে, বর্তমানে রাজউকের আওতাধীন এলাকায় জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি। আওতাধীন এলাকা বেড়ে হয়েছে ৫৯০ বর্গমাইল। বছরে গড় নকশা অনুমোদন বেড়েছে ৩০০ শতাংশ, গড় রেজিস্ট্রেশন বেড়েছে ১২০ দশমিক ৪৫ শতাংশ, গড়ে প্লট বা ফ্ল্যাট হস্তান্তর বেড়েছে ১১৫ দশমিক ৩৮ শতাংশ, গড়ে নামজারি বেড়েছে ৯৬ দশমিক ৪ শতাংশ, আমমোক্তারনামা বেড়েছে ৬০ দশমিক ৭৪ শতাংশ এবং রাজউক বাস্তবায়নাধীন প্রকল্প বেড়েছে ৩৩৭ দশমিক ৫ শতাংশ।রাজউকের একজন কর্মকর্তা জানান, শুধু কেন্দ্রীয় পর্যায়ে জনবল বাড়িয়ে রাজউককে কাঙ্ক্ষিত পর্যায়ে গতিশীল করা বা জনসাধারণকে যথাযথ সেবা দেওয়া সম্ভব নয়। জনগণকে বিভিন্ন সেবা ও প্রয়োজনে আইনি সহায়তা দিতে রাজউকের আঞ্চলিক কার্যালয় করতে হবে। সঠিক, যোগ্য ও উপযুক্ত কর্মী নির্বাচনের জন্য এবং কর্মরত কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রণোদনা সৃষ্টির জন্য রাজউক কর্মচারী প্রবিধানমালা পরিবর্তন করাও অপরিহার্য হয়ে পড়েছে।রাজউকের সূত্রমতে, প্রস্তাবে রাজউকের প্রধান কার্যালয়ে পদ বাড়িয়ে মোট এক হাজার ১২০টি করার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীর ২২৭টি, দ্বিতীয় শ্রেণীর ৯১, তৃতীয় শ্রেণীর ৪৮০ এবং চতুর্থ শ্রেণীর ৩২২টি পদ রয়েছে। বর্তমানে প্রধান কার্যালয়ে মোট পদ রয়েছে ৮৫২টি। আঞ্চলিক কার্যালয়ে মোট এক হাজার ৩৭৬টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর ২০০টি, দ্বিতীয় শ্রেণীর ২০০, তৃতীয় শ্রেণীর ৭২০টি ও চতুর্থ শ্রেণীর ২৫৬টি পদ।সূত্র আরও জানায়, বর্তমানে অনুমোদিত জনবল এক হাজার ৮৭টির বিপরীতে বিভিন্ন খাত থেকে বছরে মোট রাজস্ব আয় হয় ৯৬ কোটি ৭২ লাখ টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় হয় ৩০ কোটি ৫৮ লাখ টাকা। ব্যয় উদ্বৃত্ত আয় ৬৬ কোটি ১৪ লাখ টাকা। প্রস্তাবিত জনবল অনুমোদিত হলে রাজস্ব আয় হবে ১৫০ কোটি ৭৮ টাকা। এর মধ্যে ব্যয় হবে ৭৬ কোটি ৩১ লাখ টাকা।সূত্র জানায়, টাউন ইমপ্রুভমেন্ট আইন, ১৯৫৩ অনুযায়ী ১৯৫৬ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) প্রতিষ্ঠা করা হয়। ওই আইনের আওতায় ১৯৫৯ সালে ৩২০ বর্গমাইল এলাকা নিয়ে ‘ঢাকা শহরের মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করা হয়। ১৯৮৭ সালে এর নামকরণ হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং আওতাধীন এলাকা ৫৯০ বর্গমাইল করা হয়। সে অনুযায়ী রাজউকের আওতাধীন এলাকার সীমানা হচ্ছে পূর্বে শীতলক্ষ্যা নদী, সোনারগাঁ উপজেলার অংশবিশেষ ও মেঘনা নদী, দক্ষিণে ধলেশ্বরী নদী, পশ্চিমে বংশী ও ধলেশ্বরী নদী এবং উত্তরে গাজীপুর পৌরসভার উত্তর সীমানা।