রাজউকের অনুমোদিত স্থাপনার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে সিটি করপোরেশন
ভবন বা স্থাপনা নির্মাণে রাজউক থেকে অনুমোদন নেওয়ার পর বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজউক থেকে অনুমোদিত স্থাপনাগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে সিটি করপোরেশন। পরিকল্পিত নগর গড়তে হলে এর কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। সারা দেশে ডেঙ্গু এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য এই আন্তমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ১৪ তলা ভবনের অনুমতি নিয়ে ২০ তলা নির্মাণ করা হয়। আবার তিন হাজার বর্গফুটের অনুমতি নিয়ে ছয় হাজার বর্গফুট বানানো হয়। ভবন নির্মাণে যে স্থান নির্ধারণ করা আছে, সেটি সরকারি জায়গা বা উপযুক্ত কি না, রাজউক থেকে যে নকশা বা ডিজাইন অনুমোদন দেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না—এসব বিষয় দেখভাল করবে সিটি করপোরেশন।
গত ৬ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেছিলেন, রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকেও অনুমোদন নিতে হবে। নগরবিদ ও আবাসন ব্যবসায়ীরা বলছেন, সরকারের দুই সংস্থা থেকে স্থাপনা নির্মাণের অনুমোদন নিতে হলে ভোগান্তি বাড়বে।
কাউকে হয়রানি করার জন্য এসব করা হচ্ছে না জানিয়ে আজকের সভায় তাজুল ইসলাম বলেন, মোহাম্মদপুর বছিলায় খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। সিটি করপোরেশন যদি জানত তাহলে এসব নির্মিত হতো না। আর হলেও তাদের জবাবদিহির আওতায় আনা যেত। অনেকেই অভিযোগ করেন অপরিকল্পিতভাবে শহর গড়ে উঠছে। পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়তে হলে সিটি করপোরেশনের তদারকির বিকল্প নেই।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি রেলওয়ে, সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সরকারি অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এডিস মশার প্রজনন বন্ধের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচার চালাতে হবে। মশার কোনো বর্ডার (সীমানা) নেই। উত্তর সিটি করপোরেশনে মশা থাকলে দক্ষিণে হবে না অথবা এক বাসায় হলে অন্য বাসায় হবে না এমনটি নয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জানান, এডিস মশাসহ অন্যান্য মশা নিধনে চলতি বছরের জন্য পর্যাপ্ত কিটনাশক মজুত রয়েছে। তাঁরা এডিস মশার প্রজননস্থলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য গত বছরের মতো এ বছরেও ১০ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানান। মন্ত্রী ম্যাজিস্ট্রেট পদায়নের আশ্বাস দেন।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান উপস্থিত ছিলেন।