রাজউকের উত্তরার ফ্ল্যাটের দাম কমানোর পরামর্শ
উত্তরায় মধ্য ও নিম্নবিত্তদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মিতব্য ফ্ল্যাটের দাম কমানোর সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। কমিটি রাজউকের প্রস্তাবিত বর্গফুটপ্রতি তিন হাজার ৩০০ টাকা থেকে ৩০০ টাকা কমানোর প্রস্তাব দিয়েছে।রাজধানীর উত্তরায় ৮৫০, ১০৫০ ও ১২৫০ বর্গফুট আয়তনের ২২ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজউক।গতকাল রোববার সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় ওই দাম কমানোর সুপারিশ করা হয়। সভায় রাজউকের ফ্ল্যাট নির্মাণ সম্পর্কে সংসদীয় উপকমিটির একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।বৈঠকের পর কমিটির সদস্য আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্যই রাজউক এসব ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। তাই কমিটি খরচ কমিয়ে এর দাম সহনীয় পর্যায়ে রাখার সুপারিশ করেছে।’সভায় উপকমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সংসদীয় কমিটি ফ্ল্যাট তৈরির খরচ কমানোর সুপারিশ করে। তবে এ জন্য বিদেশ সফর ও প্রকল্পের গাড়ি কেনার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য লেককেও ‘অপ্রয়োজনীয়’ ধরে তা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের জন্য নয় হাজার ৫০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। কমিটি এ থেকে ৪৮০ কোটি টাকা কমানোর সুপারিশ করেছে।কমিটির এ সুপারিশের সঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানও একমত বলে জানা গেছে। সভায় আগামী দুই বছরের মধ্যে এসব ফ্ল্যাট নির্মাণের কাজ শেষ করার সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, সরকারিভাবে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া বেসরকারি শিক্ষকদের জন্য দুই ভাগ কোটা বরাদ্দ রাখার জন্য সুপারিশ করা হয়।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় যোগ দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আব্দুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভুঞা, কে এম খালিদ এবং আজিজুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।