রাজউকের কাছে সাত অভিনেতা ও প্রযোজকের আবেদন
দেশের সাতজন অভিনেতা, নাট্যনির্মাতা ও প্রযোজক তাঁদের কষ্টার্জিত অর্থে কেনা ফ্ল্যাট যাতে হাতছাড়া হয়ে না যায়, সে জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছেন। সম্প্রতি এক আবেদনে তাঁরা বলেন, ২০০৭ সালে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর সড়কের ২৭ নম্বর প্লটে নির্মিত ভবনে সাতটি ফ্ল্যাট কিনেছিলেন তাঁরা। ২৪ মাস পর ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ডেভেলপার তাতে ব্যর্থ হন।সম্প্রতি অভিনেতা ও নাট্যনির্মাতারা জানতে পারেন, ওই প্লটের মালিকের স্বামী আরেকজন ডেভেলপারের কাছে প্লটটি বিক্রি করেছেন বা করার চেষ্টা করছেন। এমতাবস্থায় ডেভেলপার আদালতের শরণাপন্ন হন এবং উত্তরা থানায় সাধারণ ডায়েরি করেন। আদালত স্থিতাবস্থা, কারণ দর্শাও নির্দেশ ও সমন জারি করেন। আদালতের নির্দেশ পাওয়ার পর মালিক পুলিশের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। কিন্তু আলোচনায় বসার নাম করে প্লটের মালিক ও তাঁর স্বামী সময়ক্ষেপণ করছেন বলে তাঁদের কাছে মনে হচ্ছে। ভুক্তভোগীরা হলেন: ওয়াহিদা মল্লিক, আনিসুর রহমান মিলন, সৈয়দ আওলাদ, অরুন চৌধুরী, পরিমল কুমার পাল, সঞ্জিত সরকার ও এহসানুল হক। বিজ্ঞপ্তি।