রাজউকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদাসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৮ জানুয়ারি তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। অপর দুজন হলেন: রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান ও থিম ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মোস্তাফিজুর রহমান।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এই রুল জারি করেন।রুলে আদালত অবমাননার অভিযোগে কেন ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালত অবমাননার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা শেখ মনির আহমেদ গত মঙ্গলবার আবেদনটি করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আবেদনকারীকে আইনি সহায়তা দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।জানা যায়, মোহাম্মদপুরে রাজউকের নকশাবহির্ভূতভাবে থিম ইঞ্জিনিয়ার্স লিমিডেটের একটি ভবন নির্মাণের অভিযোগে শেখ মনির চলতি বছরের জুন মাসে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন; সেই সঙ্গে নকশার বাইরে ভবন নির্মাণকাজে নিষেধাজ্ঞা দেন। এর পরও কাজ চালিয়ে যাওয়ায় আদালত অবমাননার আবেদন করা হয়।