রাজউকের দুই কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশা জালিয়াতি করে জলাশয়ে বাড়ি তৈরির অনুমতি দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনাবিদ (চলতি দায়িত্ব) আবু হাসান মোর্তুজাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন।মামলার অপর দুই আসামি হলেন রাজউকের নগর পরিকল্পনা শাখার নকশাকার মো. আনিছুর রহমান সরকার ও জমি ব্যবহারকারী মো. সাইফুল বারী খান। এজাহারে বলা হয়, রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বিভাগের সহকারী পরিচালক মাহফুজা বেগম ২০১১ সালের ২০ জুলাই সবুজবাগ থানার আহম্মদবাগে একটি জায়গা বন্যাপ্লাবিত উল্লেখ করে উপনগর পরিকল্পনাবিদের কাছে নথি (নথি নম্বর-৪/৫৫৯) পাঠান। পরে নগর পরিকল্পনা শাখার ওই দুই কর্মকর্তা অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে ‘নকশায় ভুল আছে’ উল্লেখ করে একটি ‘মাস্টারপ্ল্যান’ পাস করেন। এতে ওই জলাশয়কে বাড়ি করার উপযোগী আবাসিক এলাকা দেখানো হয়। পরে ওই কর্মকর্তারা জমি ব্যবহারকারী সাইফুলের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে নকশায় জালিয়াতি করেন। মোট ১৩ জন জমি ব্যবহারকারীর পক্ষে রাজউকে আবেদন করেন সাইফুল। তাই তাঁকে এ মামলায় আসামি করা হয়েছে।গত রোববার বিকেলে দুদকের নিয়মিত বৈঠকে মামলাটি দায়েরের ব্যাপারে অনুমোদন দেয় কমিশন।মামলার বাদী জানান, তদন্তকালে অন্য কোনো জমি ব্যবহারকারীর এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে পরবর্তী সময়ে অভিযোগপত্রে তাঁদেরও আসামি করা হবে।