রাজউকের প্লট বরাদ্দে বেসরকারি চাকুরে ও ব্যবসায়ী কোটা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আবাসিক প্লট বরাদ্দের নতুন নীতিমালায় সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীর কোটা কমেছে। এর বিপরীতে ব্যবসায়ী-শিল্পপতি ও বেসরকারি চাকরিজীবীদের কোটা বাড়ানো হচ্ছে।শিগগিরই এই নতুন নীতিমালা অনুযায়ী প্লটের প্রার্থীদের আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে রাজউক।গত ২৩ মার্চ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এক বৈঠকে মন্ত্রণালয় থেকে পাঠানো সংশোধিত নীতিমালা অনুমোদিত হয়।এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, প্লট বরাদ্দের নীতিমালায় কিছুটা সংশোধনী আনা হয়েছে। সংসদীয় কমিটিও এর সঙ্গে একমত হয়েছে।জানা গেছে, ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ পদ্ধতি বা নীতিমালা-২০১০-এর কিছু রদবদল করে নতুন নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। আগের নীতিমালায় মোট ১৩টি কোটা থাকলেও সংশোধিতটিতে কোটা রাখা হয়েছে ২০টি। এ জন্য মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পরিবারের কোটা ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে খেতাবপ্রাপ্ত ও সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য ৫ শতাংশ করে রাখা ছিল। কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আবেদন খুবই কম আসায় উভয় ধরনের মুক্তিযোদ্ধাদের কোটা দুটিকে এক করে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রাখা হয়েছে।এ ছাড়া সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কোটা ৭ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ব্যবসায়ী-শিল্পপতি ও বেসরকারি চাকরিজীবীদের কোটা বাড়ানো হয়েছে। এর মধ্যে ১০ লাখ টাকার ওপরে আয়কর দেওয়া ব্যবসায়ী-শিল্পপতিদের কোটা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ এবং এর নিচে আয়করদাতাদের কোটা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের কোটা ৮ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ শতাংশ। সংসদীয় কমিটি সংসদ সচিবালয় ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের জন্য ১ শতাংশ করে মোট ২ শতাংশ কোটা নির্ধারণসহ নীতিমালায় কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছে। সংশোধিত নীতিমালায় আরও যেসব কোটা রয়েছে, সেগুলো হলো যুগ্ম সচিব ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তা এবং বৈদেশিক মুদ্রা উপার্জনকারী। এর বাইরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীনস্থ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ১ শতাংশ, রাজউক কর্মকর্তা-কর্মচারীদের ১ শতাংশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ১ শতাংশ করে ২ শতাংশ, কৃষিবিদদের ২ শতাংশ, প্রকৌশলী বা স্থপতি ২ শতাংশ, চিকিৎসক ২ শতাংশ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ১ শতাংশ, আইনজীবী ২ শতাংশ এবং অন্যদের জন্য ২ শতাংশ। সংরক্ষিত কোটায় থাকবে বাকি ১০ শতাংশ।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঝিলমিল প্রকল্পে মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, এমপি ও বিচারপতিরা আবেদন করলেই প্লট পাবেন। তাঁদের কোনো লটারিতে অংশ নিতে হবে না। সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের জন্য আগামী মাসেই আবেদনপত্র আহ্বান করবে রাজউক। মোট এক হাজার ৬৭৪টি প্লট বরাদ্দ দেওয়া হবে এখানে।প্রসঙ্গত, ১৯৯৮ সালে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কসংলগ্ন চুনকুটিয়া মৌজায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। ৩ ও ৫ কাঠা আয়তনের প্লট ছাড়াও বিভিন্ন আকারের ৩০ হাজার ফ্ল্যাট তৈরি করা হবে।জানা গেছে, শুধু ঝিলমিল প্রকল্প নয়, রাজউকের অন্য প্রকল্পগুলোর প্লট বরাদ্দেও ভবিষ্যতে এই নীতিমালা অনুুসরণ করা হবে।