রাজউকের বরাদ্দ স্থগিত ৩৭৬ প্লট ফিরিয়ে দেওয়ার উদ্যোগ
অনিয়মের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বরাদ্দ স্থগিত করা রাজউকের ৩৭৬টি আবাসিক, প্রাতিষ্ঠানিক ও শিল্প-প্লট ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে প্লট ফিরে পেতে বরাদ্দপ্রাপ্তদের নতুন করে আবেদন করতে হবে, যা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে রাজউকের আওতাধীন বিভিন্ন এলাকায় যেসব প্লট খালি বা অলস পড়ে আছে, তা নিলামের ভিত্তিতে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজউক সূত্র বলেছে, প্লট ফিরে পেতে আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ তথ্য জমা দিতে হবে।জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, কোনো প্লট বা জমি যেন অলস পড়ে না থাকে, সরকার সে ব্যাপারে ব্যবস্থা নিতে রাজউককে নির্দেশ দিয়েছে। সরকারের নীতি অনুযায়ী রাজউক এসব প্লট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজউকের চেয়ারম্যান বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কিছু প্লট অনিয়ম করেই দেওয়া হয়েছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে সময়ের অনিয়ম তত্ত্ব্বাবধায়ক সরকারের আমলে টাস্কফোর্সের কাছে ধরা পড়েছিল।’ প্লটগুলো অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা এখন কিসের ভিত্তিতে ফিরিয়ে দেওয়া হবে, জানতে চাইলে চেয়ারম্যান জানান, প্লট ফেরত পেতে যে কেউ আবেদন করতে পারবেন। কিন্তু প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে পর্যালোচনার জন্য রাজউকের বোর্ডসভায় উত্থাপন করা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের অনুমোদিত ৭১৪টি প্লটের বরাদ্দ ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের এক আদেশে ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়। এর মধ্যে ছিল টঙ্গী শিল্প এলাকায় ৪৮টি, উত্তরা আবাসিক এলাকায় তিনটি প্রতিষ্ঠানের তিনটি প্লট, উত্তরা তৃতীয় পর্বে ২৮টি প্রাতিষ্ঠানিক প্লট, বাড্ডা পুনর্বাসন এলাকায় ৫৩৪টি প্লট, উত্তরা আবাসিক এলাকায় ৫০টি প্লট, বনানী আবাসিক এলাকার ৫০টি প্লট এবং নিকুঞ্জ আবাসিক এলাকায় একটি প্রাতিষ্ঠানিক প্লট। এর মধ্যে বাছাইয়ের পর তত্ত্ব্বাবধায়ক সরকারের আমলেই ৩৩৮টি প্লটের স্থগিতাদেশ বিভিন্ন সময়ে প্রত্যাহার করা হয়।সূত্র জানায়, ২০০৬ সালে রাজউকের দুটি সভায় মোট ৪৮টি শিল্প-প্লট বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়। এই ৪৮টির মধ্যে ১১টি প্লটের লিজ দলিল রেজিস্ট্রি করা হয়েছে। নয়টি প্লটের পুরো কিস্তি ও ২০টি প্লটের প্রথম কিস্তি পরিশোধ করা হয়েছে। আটটি প্লটের বিপরীতে কোনো টাকা পরিশোধ করা হয়নি। রাজউক সূত্র জানায়, সম্প্রতি টঙ্গীর শিল্প-প্লট ফিরে পেতে দুজন আবেদনকারী রাজউকের কাছে আবেদন করেন। এর মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী রেবা রহমান তাঁর আবেদনে জানিয়েছেন, ২০০৫ সালের নভেম্বরে আবেদনের পর ২০০৬ সালের ডিসেম্বরে দুই বিঘা পাঁচ কাঠা আয়তনের একটি প্লট তাঁকে বিঘাপ্রতি ১২ লাখ টাকা মূল্যে বরাদ্দ দেওয়া হয়। প্লটের প্রথম কিস্তির ১৩ লাখ টাকা পরিশোধ করা হয় ২০০৭ সালের ২৩ জানুয়ারি। পরের মাসেই বরাদ্দ স্থগিত করা হয়।কাছাকাছি সময়ে আবেদন করে প্রায় একই সময়ে টঙ্গী শিল্প এলাকায় প্লট বরাদ্দ পান গোলাম এমরান। দেড় বিঘা আয়তনের প্লটটি গোলাম এমরানের পেরাগ সোয়েটার বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ১২ লাখ টাকা বিঘা মূল্যে বরাদ্দ দেওয়া হয়। তিনি প্লটের সমুদয় মূল্য পরিশোধ করে ২০০৭ সালের জানুয়ারিতে দখল বুঝে নেন। কিন্তু এরপর আর কিছুই এগোয়নি।