রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় আলমপনা টাওয়ার নামের একটি বহুতল ভবনে নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণপ্রক্রিয়া চালু রেখেছে ভবন কর্তৃপক্ষ। এটি বন্ধ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একবার উচ্ছেদ অভিযান চালালেও তাদের পরবর্তী কার্যক্রম এবং কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১২ জানুয়ারি রাজউকের পক্ষ থেকে পরিচালিত এক অভিযানে আলমপনা টাওয়ারের সামনের অংশে অবৈধভাবে নির্মিত কিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়। পেছনের অংশেও এমন কিছু স্থাপনা ভাঙতে গেলে নির্মাণকাজে সংশ্লিষ্ট এ এইচ এম সেলিম নামের এক ব্যক্তি ১৫ দিনের মধ্যে তা সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত এই অঙ্গীকারনামায় সেলিম বলেন, ‘আলমপনা টাওয়ারের পূর্ব পাশে রাজউকের অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে আবাসিক এলাকায় ব্যবসার লক্ষ্যে অবৈধভাবে টাওয়ার-সংলগ্ন একটি স্থাপনা নির্মাণ করি, যা সম্পূর্ণ অবৈধ ও আইন পরিপন্থী। এই অবৈধ স্থাপনার কিছু অংশ অদ্য ১২-০১-২০১৬ তারিখে রাজউক কর্তৃক অভিযানে ভেঙে ফেলা হয়। বাকি অংশ আমি আগামী দুই সপ্তাহের মধ্যে ভেঙে ফেলব।’
তবে এই অঙ্গীকারের পরেও পুনরায় ভবনটির ভেঙে ফেলা অংশ মেরামতের কাজ শুরু হয়। এটি বন্ধ করতে রাজউকে জোন-৬-এর অথরাইজড অফিসার ভবন নির্মাণপ্রতিষ্ঠান আলমপনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অঙ্গীকারনামায় বক্তব্য প্রদানকারী এ এইচ এম সেলিমকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি অবিলম্বে ভবনটির অবৈধ অংশ অপসারণসহ দ্বিতীয় তলায় বাণিজ্যিক কার্যক্রমের উদ্দেশ্যে নির্মীয়মাণ অংশের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
১০ মার্চ সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনে ভেঙে ফেলা অংশ পুনরায় তৈরি করা হয়েছে। দ্বিতীয় তলাটি বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি করার কাজ চলছে।
আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যেই এমন একটি ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এর জন্য আমরা নানা সময়ে লোক পাঠিয়েছি। কিন্তু তাঁরা (আলমপনা টাওয়ার কর্তৃপক্ষ) কথা শুনছে না।’ এই অবস্থায় রাজউকের করণীয় কী—জানতে চাইলে তিনি বলেন, এরপর চূড়ান্ত নোটিশ দিয়ে উচ্ছেদ করা হবে।
তবে এ নিয়ে ভিন্ন রকম বক্তব্য দিয়েছেন রাজউকের জোন-৬-এর পরিচালক শেখ শাহীনুল ইসলাম ও অথরাইজড অফিসার ফজলুর রহমান। শাহীনুল ইসলাম বলেন, ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন থাকলেও গোটা নির্মাণপ্রক্রিয়ায় মূল নকশা অনুসরণ করা হয়নি। তাই সেখানে আবার উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তাহলে রাজউকের দেওয়া চিঠিতে কেন বাণিজ্যিক কার্যক্রমের জন্য দ্বিতীয় তলার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো—জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়টি আমরা পরে জানতে পেরেছি।’ এ সময় ভবনটির ভেঙে দেওয়া অংশ পুনরায় নির্মাণ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জোর গলায় বলেন, ‘ভেঙে দেওয়া অংশ আবার নির্মাণ করা হয়নি। এটা আমি নিশ্চিত।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য এ এইচ এম সেলিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখন আমি খাচ্ছি। কথা বলতে পারব না।’ বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।