রাজউকের সাবেক হিসাবরক্ষকের স্ত্রীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক হিসাবরক্ষকের স্ত্রীকে চার বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামির নাম নেকলেস ইসলাম। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ রোববার এই রায় দেন।

রায় ঘোষণার পর নেকলেসকে কারাগারে পাঠানো হয়। প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রাজউকের সাবেক হিসাবরক্ষক তাহমিদ ইসলামের স্ত্রী নেকলেসের বিরুদ্ধে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর রমনা থানায় মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে পরের বছর ২০১৭ সালের ৪ জুলাই নেকলেসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

দুদকের পিপি রেজাউল করিম বলেন, দুর্নীতির অভিযোগে নেকলেসের স্বামী তাহমিদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাহমিদের স্ত্রীকে সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিশ দেয়। পরে ২০১৫ সালের ৭ অক্টোবর সম্পদ বিবরণী জমা দেন নেকলেস। আসামি ১৪ লাখ ১২ হাজার ২৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। আর অবৈধ সম্পদ অর্জন করেন ৩৫ লাখ ৭ হাজার ২৪০ টাকা।