রাজধানী ও আশপাশে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও এর আশপাশ এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। গত কয়েক দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী ও মিরপুর হাসপাতালে গড়ে দৈনিক ৬০০ রোগী ভর্তি হচ্ছে। রোগীদের সাড়ে ১০ শতাংশ কলেরা নিয়ে হাসপাতালে আসছে।আইসিডিডিআরবির হাসপাতাল শাখার প্রধান আজহারুল ইসলাম খান বলেন, গত কয়েক দিনে বেশি গরম পড়ছে। এতেই ডায়রিয়া-আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, আগামী কয়েক দিনে রোগীর সংখ্যা আরও বাড়বে।আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালী হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০০ রোগী ভর্তি হচ্ছে। আর মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন গড়ে ১০০ রোগী ভর্তি হচ্ছে। রোগীদের ৩৫ শতাংশ হচ্ছে শিশু। হাসপাতালে আসা রোগীদের ৫০ শতাংশ তীব্র ডায়রিয়া নিয়ে আসছে। ৩১ মার্চ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করে আইসিডিডিআরবি বলছে, রোগীদের সাড়ে ১০ শতাংশ কলেরা নিয়ে হাসপাতালে আসছে।গতকাল শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন মানিকদী এলাকার নির্মাণশ্রমিক নূর-উন-নবী। প্রথম আলোকে তিনি বলেন, সকাল থেকে চারবার পাতলা পায়খানা হওয়ার পর দুশ্চিন্তায় পড়েন। সহকর্মীর সহায়তায় হাসপাতালে আসেন। বললেন, সব সময় ফুটানো পানি পান করার সুযোগ তাঁর নেই।বিশেষজ্ঞরা বলছেন, গরম আবহাওয়া ডায়রিয়ার জীবাণু বা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির সহায়ক। পানি এই ব্যাকটেরিয়ার বাহক। ঢাকা ও এর আশপাশ এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবের প্রধান কারণ দূষিত পানি। অনেকে পানি না ফুটিয়ে পান করেন। অনেকের ফুটানোর সুযোগ নেই। এ ছাড়া অনেকে রাস্তার পাশের ফুচকা, ফল ও শরবত খান নিয়মিত। এগুলো ডায়রিয়ার জীবাণুর উৎস। করণীয় সম্পর্কে পুষ্টিবিদ ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায় খাবার সম্পর্কে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, টাটকা ও গরম খাবার খেতে হবে। খাওয়ার আগে ভালোভাবে হাত ধুতে হবে। খাবার ঢেকে রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। গরমের সময় ঘরের বাইরের খাবার না খাওয়াই নিরাপদ। খাওয়ার স্যালাইন ঘরে রাখতে হবে। গুরুতর ডায়রিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।এস কে রায় আরও বলেন, সরকারকে এই সময় পানি বিশুদ্ধকরণ বড়ি (হ্যালোজেন ট্যাবলেট) সরবরাহ নিশ্চিত করতে হবে। এই সময় সরকারি রেডিও ও টেলিভিশনে স্বাস্থ্যবিধি নিয়মিত প্রচার করতে হবে।