রাজধানী জুড়ে একুশের নানা কর্মসূচি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রোববার রাজধানী জুড়ে পালিত হবে নানা কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার, আজিমপুর কবরস্থান আর বাংলা একাডেমীতে বইমেলা ঘিরেই থাকবে বেশির ভাগ কর্মসূচি। পাশাপাশি জাতীয় ও এলাকাভিত্তিক সংগঠনের উদ্যোগে ঢাকা শহর জুড়ে থাকবে একুশের কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হবে।কেন্দ্রীয় শহীদ মিনারে ও আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শৃঙ্খলা বজায় রাখতে যাতায়াত পথ সুনির্দিষ্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি। কর্মসূচি: আজ সরকারি ছুটির দিন। শহীদদের প্রতি সম্মান জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকেই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু করেন এ দেশের সব শ্রেণী-পেশার মানুষ। ভাষা-সংগ্রামের স্মৃতিচারণা, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে দিনটি।দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সকাল সাড়ে ছয়টায় তাদের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে এবং কালো পতাকা উত্তোলন করবে। সকাল সাড়ে সাতটায় কালো ব্যাজ ধারণ করে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।বিএনপি সব কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করবে। দলের নেতা-কর্মীরা সকাল সাড়ে ছয়টায় বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে প্রভাতফেরিসহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতারা রাত ১২টার পর এবং সর্বস্তরের নেতা-কর্মীরা নীলক্ষেতে জমায়েত হয়ে সকাল সাড়ে সাতটায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। গণফোরামও সকালে একই স্থানে সমবেত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে।জামায়াতে ইসলামী শহীদ দিবস উপলক্ষে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশন সকাল সাড়ে ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।সম্মিলিত সাংস্কৃতিক জোট বিকেল চারটায় রাজারবাগ পুলিশ লাইন শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে একুশের অনুষ্ঠান। নজরুল একাডেমি সন্ধ্যা সোয়া ছয়টায় প্রতিষ্ঠানের নিজ ভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ঢাকা ক্লাব সকাল আটটায় ক্লাবের সুইমিং পুল প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রজন্ম বাংলা আজ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ‘বাংলা একাডেমী’ নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করবে। ‘একাডেমী’ ইংরেজি শব্দ হওয়ায় তা পরিবর্তনের দাবি জানাবে এই সংগঠন।সকাল নয়টা থেকে পদাতিক নাট্য সংসদের আবৃত্তিকার এবং সংগীত, নৃত্য ও নাট্যশিল্পীরা রমনার বটমূলের উন্মুক্ত প্রাঙ্গণে দিনব্যাপী তাঁদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন। বিসিআইসি কলেজে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। শ্যামলীর শিশুমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল সাড়ে নয়টায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে নাট্যালয় মঞ্চায়ন করবে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি।এ ছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাকের পার্টি, রেলওয়ে শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগ, প্রবাসী কল্যাণ পরিষদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, শহীদ আসাদ পরিষদ, মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি, চট্টগ্রাম সমিতি-ঢাকা, যুবদল, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, ক্যামব্রিয়ান কলেজ, প্রোগ্রাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, বঙ্গবন্ধু লেখক পরিষদ, মহিলা পরিষদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নানা কর্মসূচি পালন করবে।শহীদ মিনার ও কবরস্থানে যাতায়াতের পথ: পুরোনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমী, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করতে হবে। কবর জিয়ারতের পর দক্ষিণ গেট দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে হবে।কবরস্থানে না গিয়ে যাঁরা বিকল্প পথে শহীদ মিনারে যেতে চান তাঁরা উপাচার্যের ভবন ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাঁ দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন। এ ছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে এবং চানখাঁরপুল এলাকায় বকশিবাজার মোড় হয়ে বুয়েটের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে পলাশীর মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।শ্রদ্ধাঞ্জলি শেষে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চানখাঁরপুর হয়ে বের হওয়া যাবে; কিন্তু প্রবেশ করা যাবে না। আজ ফুলার রোড ও জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।