রাজধানী থেকে জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার ১
রাজধানীর গাবতলী এলাকা থেকে জঙ্গি সন্দেহে ওয়াহিদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। পুলিশের ভাষ্য, তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াতি শাখার প্রধান।
পুলিশ বলেছে, গত ডিসেম্বরে নীলফামারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার হওয়া সদস্যদের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে ওয়াহিদুলের নাম উঠে আসে। পরে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাঁকে।
এটিইউর গণমাধ্যম শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে বলেন, নীলফামারীতে অভিযানের পর জেএমবির সক্রিয় সদস্যরা ঢাকা ও চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেন। ওয়াহিদুলও গ্রেপ্তার এড়াতে ঢাকায় এসে আত্মগোপন করেন।
এটিইউ সূত্র বলেছে, দিনাজপুরের একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন ওয়াহিদুল। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারীতে জেএমবির দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।